আজকাল ওয়েবডেস্ক: এবার দুবাই বিমানবন্দরে হামলা। আছড়ে পড়ল একের পর এক ক্ষেপণাস্ত্র। তড়িঘড়ি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ হল বিমান পরিষেবা। একাধিক বিমান সংস্থা বিমান উড়ান ও অবতরণ বাতিল ঘোষণা করল। যার জেরে আবারও ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই যাত্রীদের এবং ক্রু মেম্বারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত বিমানের উড়ান ও অবতরণ বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বিমান চলাচল বন্ধের ঘোষণা করেছে আমিরশাহির বিমান সংস্থা এমিরেটস।
গোটা বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়েই বিশ্বের কয়েক হাজার মানুষ রোজ চলাচল করেন। এমিরেটস আচমকাই বিমান চলাচল বন্ধের ঘোষণা করতেই কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হলেন।
যাত্রীদের উদ্দেশে এমিরেটস-এর তরফে বলা হয়েছে, দুবাই বিমানবন্দরের উদ্দেশে এই মুহূর্তে যেন কেউ রওনা না দেন। যাত্রীদের জন্য বিমানের টিকিটের রি-বুকিং এবং দ্রুত রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে যাঁদের বিমান বাতিল হয়েছে, তাঁরা ৩০ এপ্রিলের মধ্যে অতিরিক্ত ভাড়া ছাড়াই বিমানের সময় পরিবর্তন করতে পারবেন।
গত শনিবার সন্ধ্যায় দুবাইয়ের বুর্জ খলিফার পাশেই ক্ষেপণাস্ত্রের অংশ আছড়ে পড়েছে বলেই জানা গিয়েছিল। এখনও পর্যন্ত চারজন আহত হয়েছেন। ইরানের হামলার জেরেই বন্ধ ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
অনির্দিষ্টকালের জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছিল। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই আন্তর্জাতিক এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল আল মাকতুম আন্তর্জাতিক-এ সমস্ত বিমান ওঠানামা বাতিল করা হয়েছে। এই ঘোষণার পরেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার পর্যটক আটকে পড়েন বলে জানা গেছে।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুবাইয়ের পাম জুমেইরা-তেও ভয়ঙ্কর বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ক্ষেপণাস্ত্রের অংশ আছড়ে পড়েছে বিলাসবহুল হোটেলেও। এর জেরেই দাউদাউ আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখার সেই ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
