আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় ট্রাম্প গোল্ড কার্ড বা গোল্ড কার্ড ভিসা চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে যাঁরা স্থায়ীভাবে বসবাস করতে চান, তাঁদের জন্য এই ভিসার কথা আগেই ঘোষণা করেছিলেন ট্রাম্প। অবশেষে বুধবার থেকে তা আনুষ্ঠানিকভাবে চালু হল আমেরিকায়।
জানা গেছে, বুধবার থেকেই এই ভিসার জন্য আবেদন করা যাবে। এই ভিসা অবশেষে চালু করে ট্রাম্প জানিয়েছেন, ‘একটা দারুণ মূহূর্ত। আমেরিকার জন্য তো বটেই। স্বয়ং আমার জন্যও। এই গোল্ড কার্ড কিন্তু গ্রিন কার্ড ভিসার মতোই।’ তবে ট্রাম্পের দাবি, এই কার্ডে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। তার জন্য আবেদনকারীকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় অন্তত ৮ কোটি ৮০ লক্ষ টাকা।
তবে ট্রাম্প এও জানিয়েছেন, কোনও কর্মীর দ্রুত ভিসা পাওয়ার ক্ষেত্রে আমেরিকার মার্কিন সংস্থাগুলি ভারতীয় মুদ্রায় ১৭ কোটি ৬১ লক্ষ টাকার বেশি খরচ করতে পারে। তবে ‘গোল্ড কার্ড’ ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে আবেদনকারীকে ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ ৪৮ হাজার ৪৯৯ টাকা প্রসেসিং ফি বাবদ জমা দিতে হবে। এই টাকা অবশ্য ফেরতযোগ্য নয়।
প্রসেসিং ফি দেওয়ার পর আবেদনকারীর নথিপত্র যাচাই করা হবে। যাচাইয়ের পর ওই ৮ কোটি ৮০ লক্ষ টাকা দিতে হবে। গোল্ড কার্ড ভিসার ওয়েবসাইট মারফত জানা গিয়েছে, বিশেষ পরিস্থিতিতে আবেদনকারীদের অতিরিক্ত ফি জমা দিতে হলেও হতে পারে পারে। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন।
এদিকে, কিছুদিন আগে আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে বসেছিল বিশ্বকাপ ফুটবলের গ্রপবিন্যাসের আসর। সেখানে প্রথমে মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হয় ফিফা শান্তি পুরস্কার। একটি ভিডিওয় দেখানো হয় কীভাবে বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি সামলেছেন ট্রাম্প। সেই ভিডিওয় ট্রাম্পের সঙ্গে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার দাবি করেছেন তিনি সারা বিশ্বে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। এর মধ্যে রয়েছে ভারত–পাকিস্তান যুদ্ধও। ফিফার অনুষ্ঠানেও ট্রাম্প বলেন, ‘সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি আমরা। কঙ্গোয় এক কোটি মানুষ মারা গিয়েছিলেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল তাতে আরও এক কোটি মানুষ মারা যেতেন। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা ওই দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার আগেই তা থামিয়ে দিয়েছি।’
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, সেই সময় যাঁরা ঐক্যবদ্ধ করেছেন, তাঁদের সম্মান জানানো দরকার। এর মধ্যে রয়েছেন ট্রাম্প।’ ফিফার ভাষায়, শান্তির জন্য ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়ার জন্যই এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দেন ফিফা সভাপতি। ট্রাম্পকে যে শংসাপত্র তুলে দেওয়া হয়, তা পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
