আজকাল ওয়েবডেস্ক: প্রায় এক দশকের বিধিনিষেধের অবসান ঘটিয়ে ভারতীয় পর্যটক ও ব্যবসায়ীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নেপাল। এবার থেকে ভারতীয় এবং নেপালি নাগরিকরা নেপালে ২০০ ও ৫০০ টাকার ভারতীয় নোট বহন করতে পারবেন। তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করে নতুন নিয়ম কার্যকর হওয়ার বিষয়টি স্পষ্ট করেছে।


২০১৬ সালে ভারতে নোটবন্দির পর নেপাল ১০০ টাকার বেশি মূল্যের ভারতীয় নোটের ব্যবহার ও প্রবেশ নিষিদ্ধ করেছিল। ফলে ভারতীয় পর্যটক ও সীমান্তবর্তী ব্যবসায়ীদের নানা সমস্যার মুখে পড়তে হয়। এতদিন নেপালে কেবল ১০০ টাকা বা তার কম মূল্যের ভারতীয় নোট বহনের অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সেই দীর্ঘদিনের বিধিনিষেধ অনেকটাই শিথিল হল।


নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৬ সালের ৯ নভেম্বরের পরে ইস্যু হওয়া ২০০ ও নতুন ৫০০ টাকার ভারতীয় নোট এখন নেপালে নিয়ে যাওয়া বা সেখান থেকে ফেরত আনা যাবে। তবে একজন ব্যক্তি সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ভারতীয় মুদ্রা বহন করতে পারবেন। এই সীমা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।


নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের মুখপাত্র গুরু প্রসাদ পাউডেল জানিয়েছেন, এই সিদ্ধান্ত মূলত ভারত থেকে নেপালে ভ্রমণকারী পর্যটক এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুবিধার জন্য নেওয়া হয়েছে। ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের উন্মুক্ত সীমান্ত এবং ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে।


তবে নতুন নিয়মের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। নেপালি নাগরিকরা ভারত ছাড়া অন্য কোনও দেশ থেকে ভারতীয় মুদ্রা নিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন না। একইভাবে, নেপাল থেকে ভারতীয় মুদ্রা নিয়ে অন্য কোনও দেশে যাওয়ারও অনুমতি নেই। ভারতই একমাত্র ব্যতিক্রম।


এছাড়া বিদেশি মুদ্রা বহনের ক্ষেত্রেও নিয়ম স্পষ্ট করা হয়েছে। নেপালে প্রবেশের সময় কোনও ব্যক্তি ৫,০০০ মার্কিন ডলার বা সমমূল্যের বিদেশি মুদ্রা পর্যন্ত কাস্টমসে ঘোষণা ছাড়াই নিয়ে যেতে পারবেন। তবে এর বেশি বিদেশি মুদ্রা থাকলে কাস্টমস কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে জানাতে হবে।


ভারতীয় মুদ্রার ক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করেছে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। যদি কেউ ১০০ টাকা বা তার কম মূল্যমানের ভারতীয় নোট নিয়ে যান, তাহলে মোট অর্থের পরিমাণ ৫,০০০ মার্কিন ডলারের সমমূল্যের মধ্যে থাকলে আলাদা কাস্টমস ঘোষণা করতে হবে না। তবে সেই সীমা অতিক্রম করলে ঘোষণা বাধ্যতামূলক।


উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর ভারত সরকার ৫০০ ও ১,০০০ টাকার পুরনো নোট বাতিল করে নতুন ৫০০ টাকার নোট চালু করেছিল। সেই সময় নিরাপত্তা ও নিয়ন্ত্রক কারণে নেপাল পুরনো ৫০০ ও ১,০০০ টাকার নোটের পাশাপাশি ১০০ টাকার বেশি মূল্যমানের ভারতীয় নোটের ব্যবহারও বন্ধ করে দেয়।


নতুন সিদ্ধান্তের ফলে ভারতীয় পর্যটকদের নেপাল সফর আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং দুই দেশের মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনও আরও স্বাভাবিক ও সুবিধাজনক হয়ে উঠবে। ভারত নেপালের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং নেপালে আগত বিদেশি পর্যটকদের বড় অংশই ভারত থেকে যান। তাই এই সিদ্ধান্ত দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

&t=28s