আজকাল ওয়েবডেস্ক: কক্সবাজারে বাংলাদেশের বিমানঘাঁটিতে সোমবার হিংসার ঘটনায় একজন নিহত হয়েছেন। একদল দুষ্কৃতি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে তাদের প্রতিবেদনে জানিয়েছে ঢাকা ট্রিবিউন। আইএসপিআরের সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ করছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে যে, বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের জন্য কারণে আশেপাশের এলাকার মানুষজনকে অন্যত্র সরিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। যার প্রতিবাদে মুখর মানুষজন। তার জেরেই এই হামলা ঘটেছে।

হিংসার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে যে সমিতিপাড়ার পাশে অবস্থিত কুতুবদিয়া পাড়ার অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা বিমান ঘাঁটি আক্রমণ করেছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মহাম্মদ সালাহউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, "এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সংঘর্ষের কারণ নিয়ে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

বাংলাদেসের সংবাদপত্র ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুসারে, নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ (২৫)। তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সবুকতাগিন মাহমুদ সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, সোমবার বেলা বাড়তেই সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত আধিকারিকদের কথা কাটাকাটি হয়। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মীয়মান ঘাঁটিতে পাথর ছুড়তে তাকে। ঘাঁটিতে কর্তব্যরতদের ওপর-ও ইটপাটকেল ছোড়া হয়। এই ঘটনার সময় বেশ করেয়বার গুলির শব্দও শোনা গিয়েছে।