আজকাল ওয়েবডেস্ক: অধিকাংশ নারীই কোনও পুরুষ রাজনীতিবিদের ঘরে কিছুটা সময় না কাটিয়ে রাজনীতিতে টিকে থাকতে পারেন না। এই এই মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব।
মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে বলছিলেন পাপ্পু। এই বিলের সংশোধনীগুলো গত সপ্তাহে লোকসভায় পাশ হয়নি। কারণ বিরোধী দলগুলো এই বিলের সঙ্গে আসন পুনর্বিন্যাস বা 'ডিলিমিটেশন'-এর সংযোগের বিরোধিতা করেছিল। নিজের ভাষণে পাপ্পু যাদব অধিকাংশ পুরুষ রাজনীতিবিদকে "শকুন" বলে অভিহিত করেন।
পূর্ণিয়ার নির্দল সাংসদ বলেন, "গার্হস্থ্য হিংসা কে ঘটাচ্ছে? মহিলাদের ওপর কুনজর কে দিচ্ছে? আমেরিকা থেকে ভারত - সব জায়গাতেই এই কাজ করছেন রাজনীতিবিদরাই। কোনও রাজনীতিবিদের ঘরে না গিয়ে ৯০ শতাংশ মহিলা রাজনীতিতে প্রবেশই করতে পারেন না। এমন ঘটনা প্রতিদিন ঘটছে। রাজনীতিবিদদের সিসিটিভি ফুটেজ প্রতিদিনই প্রকাশ্যে আসছে। মহিলাদের শোষণ করা এখন একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে।"
কংগ্রেসের সমর্থনেই পূর্ণিয়া থেকে সাংসদ হয়েছিলেন নির্দল পাপ্পু যাদব। ফলে পাপ্পুর মন্তব্যের দায় কংগ্রেসের উপরও চাপিয়েছে বিজেপি। হাত শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, এই "জঘন্য মন্তব্য" বিরোধী দলের মানসিকতারই প্রতিফলন।
শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "আরও একবার কংগ্রেস দল এবং তাদের 'বন্ধু'রা প্রমাণ করে দিল যে তারা মহিলা বিরোধী। তারা যে কেবল মহিলা সংরক্ষণের বিপক্ষে ভোট দিয়েছে তাই নয়, বরং রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং কংগ্রেসের সমর্থক পাপ্পু যাদব রাজনীতিতে মহিলাদের নিয়ে অত্যন্ত অবমাননাকর, নারী-বিদ্বেষী এবং জঘন্য একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে, রাজনীতিতে থাকা ৯০ শতাংশ নারীই কোনও পুরুষের ঘরে না গিয়ে রাজনীতি করতে পারেন না। এটি অত্যন্ত কুরুচিপূর্ণ একটি মন্তব্য।"
বিজেপি নেত্রী চারু প্রজ্ঞা বলেন, যাদবের এই মন্তব্য তাঁর মানসিকতা এবং মহিলাদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তিনি বলেন, "এটাই দুর্ভাগ্যজনক সত্য। এটা কি দুর্ভাগ্যজনক নয় যে, তাঁর মতো একজন ব্যক্তি একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছেন? তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা উচিত এবং নির্বাচনে লড়ার ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এ বিষয়ে রাহুল গান্ধী এবং আরজেডি প্রধান তেজস্বী যাদবের কী বলার আছে? যাদব তো তাঁদেরই অন্যতম ঘনিষ্ঠ মিত্র।"
বিতর্ক মাথাচাড়া দিতেই, বিহার রাজ্য মহিলা কমিশনও ওই মন্তব্যের জেরে পাপ্পু যাদবকে একটি নোটিশ জারি করেছে।
















