আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ডক্টর আম্বেদকর নগর (মহু) এলাকায় এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের হাড়হিম করা ঘটনাটি আবারও নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। মঙ্গলবার সন্ধ্যায় বের্ছা জঙ্গল এলাকায় এই নারকীয় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে লগ্নশাহ ভৈরব বাবা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই ওত পেতে থাকা দুই দুষ্কৃতী তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়।

মন্দির দর্শন সেরে তরুণী ও তাঁর বন্ধু যখন জয় জওয়ান জয় কিষাণ পুকুরের কাছে একটি নির্জন জায়গায় বসে কথা বলছিলেন, তখনই পিছন থেকে লাঠিসোঁটা নিয়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের ওপর চড়াও হয়। কোনও  কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ওই যুবকের ওপর লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার শুরু করে। গুরুতর জমিত অবস্থায় প্রাণ বাঁচাতে ওই যুবক সেখান থেকে কোনওক্রমে পালিয়ে যেতে বাধ্য হন। এরপরই সুযোগ বুঝে অভিযুক্তরা তরুণীকে টেনে-হিঁচড়ে জঙ্গলের আরও গভীরে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

অত্যাচারের পর অভিযুক্তরা ঘন জঙ্গলের অন্ধকারে গা ঢাকা দেয়। এদিকে আহত যুবক জঙ্গল থেকে বেরিয়ে এসে দ্রুত পুলিশি হেল্পলাইনে ফোন করে ঘটনার কথা জানান। খবর পাওয়ামাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নির্যাতিতা ও তাঁর বন্ধুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মানসিকভাবে ভেঙে পড়া তরুণীর জবানবন্দি নেওয়ার পাশাপাশি তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যেই পুলিশের বিশেষ ফরেনসিক দল এবং তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে বেশ কিছু নমুনা ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আশেপাশের গ্রাম ও এলাকায় অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করতে এবং গ্রেপ্তার করতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।