আজকাল ওয়েবডেস্ক: হোলি, দিওয়ালি মানেই রঙিন আবিরের ছোঁয়ায় সেজে ওঠে ঘর। নানা ধরনের রঙ্গোলিতে বাড়ি, ঘর সাজিয়ে তোলেন অনেকে। যা নজরকাড়া তো বটেই। কিন্তু রঙ্গোলি তৈরি করাও যথেষ্ট পরিশ্রমের। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমন এক রঙ্গোলির ডিজাইন, যা তৈরি হয়ে যাবে নিমেষের মধ্যে। বিন্দুমাত্র পরিশ্রম তো হবেই না, বরং দূর থেকে আবির ছুড়ে দিলেই তৈরি হবে রঙ্গোলি। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি রঙ্গোলি বানানোর ভিডিও। আটপৌরে শাড়িতে দেখা গিয়েছে এক মহিলাকে। তার বাড়ির সামনে একটি ছোটখাটো রঙ্গোলি তৈরি ছিল। আচমকা হাত দিয়ে সেই রঙ্গোলি ঘেঁটে দেন মহিলা। আঙুলের সামান্য ছোঁয়ায় রঙ্গোলি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে মাটিতে। ছড়িয়ে পড়া নানা রঙের আবির একনিমেষে রঙ্গোলির আকার নেয়। 

এরপর সাদা রঙের খানিকটা আবির নিয়ে আরও ডিজাইন বানান মহিলা। যদিও তা কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যায়। এক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় রঙ্গোলি। যা দেখে রীতিমতো চমকে গেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'আমাদের মতো যাঁরা রঙ্গোলি বানাতেই জানি না, তাঁদের জন্য এমন ডিজাইন করা সহজ।' আবার একজন লিখেছেন, 'দেখতে সহজ মনে হলেও, এমন রঙ্গোলি তৈরি করা যথেষ্ট কঠিন।' আবার কেউ কেউ লিখেছেন, 'চিরন্তন রঙ্গোলির ডিজাইন থেকে এটি সম্পূর্ণ আলাদা। কিছুক্ষণের মধ্যে তৈরি হলেও, পুরনো রঙ্গোলির ডিজাইন অনেক বেশি সুন্দর হয়।'