আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইজ্জতনগর থানা এলাকায়। মঙ্গলবার অভিযুক্ত রেখা (৪৬) ও তাঁর কন্যা পিঙ্কিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের ইতিমধ্যেই জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত রবিবার রাতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন বছর আটচল্লিশের বলকরাম। সেখান থেকে মদ্যপান করে বাড়ি ফেরার পরেই শুরু হয় অশান্তি। বচসা চলাকালীন আচমকাই লাঠি নিয়ে বলকরামের ওপর ঝাঁপিয়ে পড়েন তাঁর স্ত্রী ও মেয়ে। লাঠির ঘায়ে রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু নিশ্চিত বুঝে এর পরেই প্রমাণ লোপাটের ছক কষেন মা ও মেয়ে। ঘটনার কথা তাঁরা কাউকে জানাননি।

প্রাথমিক বয়ানে অভিযুক্তরা দাবি করেছিলেন, সিঁড়ি থেকে পড়ে গিয়েই চোট পেয়েছিলেন বলকরাম। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসতেই পুলিশের কাছে সব পরিষ্কার হয়ে যায়। দেখা যায়, নিহতের শরীরে ১৫টি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অভিঘাতেই মৃত্যু হয়েছে তাঁর।

তদন্তকারী আধিকারিক বিজেন্দ্র সিং জানান, মৃতের এক আত্মীয়র অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই দু’জনকে আটক করা হয়। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত সেই লাঠিও। মঙ্গলবার খুনের মামলা রুজু করে মা ও মেয়েকে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ।

অন্যদিকে, পুলিশকে দেখে তড়িঘড়ি পালাতে গিয়েই বিপত্তি। পুণের বিমান নগর এলাকায় একটি স্পা সেন্টারে পুলিশের তল্লাশি চলছিল। এই তল্লাশি চলাকালীনই ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। পুলিশের হাত থেকে বাঁচতে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক মহিলার। পাশাপাশি ঘটনার জেরে ওই স্পা-র ম্যানেজারও গুরুতর আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, ওই স্পা-র আড়ালে মধুচক্র চালানো হচ্ছিল।

পুলিশ সূত্রে খবর, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ওই স্পা সেন্টারে হানা দেয় পুলিশ বাহিনী। জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন বিভিন্ন ঘরে তরুণী ও খদ্দেরদের দেখা মেলে। তদন্তকারীরা একটি ঘরে ঢুকলে সেখানে দুই মহিলার সঙ্গে ম্যানেজারকে দেখতে পান। পুলিশ দেখে আতঙ্কিত হয়ে ওই মহিলা ও ম্যানেজার দোতলার জানালা দিয়ে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। অন্যদিকে আহত ম্যানেজারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, পুলিশ পরে ওই স্পা সেন্টার থেকে চারজন তরুণীকে উদ্ধার করেছে। সংশ্লিষ্ট স্পা কর্তৃপক্ষের বিরুদ্ধে নীতি-বহির্ভূত দেহব্যবসা বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।