আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় চাঞ্চল্যকর ঘটনা। স্বামী বারবার ফোন না ধরায় রাগের মাথায় বাড়িতে থাকা ২৫টি ভিটামিন ট্যাবলেট একসঙ্গে খেয়ে ফেলেন ৩০ বছরের এক গৃহবধূ। বর্তমানে তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তাঁর অবস্থা স্থিতিশীল।

জানা গিয়েছে, ওই মহিলার নাম রেখা চৌহান। তিনি ছাতারপুরের শান্তি নগর কলোনির বাসিন্দা। হোলিকা দহন উপলক্ষে পুজোর সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনা নিয়ে স্বামী অশ্বিনী চৌহানকে বারবার ফোন করেন তিনি। কিন্তু কাজের ব্যস্ততার কারণে স্বামীর মোবাইল সাইলেন্ট মোডে থাকায় ফোন ধরেননি তিনি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রেখা বাড়িতে রাখা একটি সম্পূর্ণ ভিটামিন ট্যাবলেটের প্যাকেট—মোট ২৫টি বড়ি—একসঙ্গে খেয়ে ফেলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কোনও বিষাক্ত পদার্থ না পেয়ে তিনি এই চরম পদক্ষেপ নেন।

&t=21s

কিছুক্ষণ পর স্বামী বাড়ি ফিরে এসে দেখেন স্ত্রীর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, অতিরিক্ত পরিমাণে ভিটামিন সেবন শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে এবং সময়মতো চিকিৎসা না পেলে জটিলতা তৈরি হতে পারে।

ঘটনার জেরে পরিবারের হোলির আনন্দ ম্লান হয়ে যায়। হাসপাতালেই কাটাতে হয় উৎসবের সময়। পরিবার ও হাসপাতাল কর্মীরা তাঁর দ্রুত সুস্থতার জন্য নজর রাখছেন। প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, আবেগের বশে এ ধরনের পদক্ষেপ না নিয়ে পারিবারিক সমস্যায় সংলাপ ও বোঝাপড়ার পথ বেছে নেওয়ার জন্য।