উত্তরপ্রদেশের মিরাট থেকে সামনে এল এক চরম নাটকীয় ও চাঞ্চল্যকর ঘটনা। উচ্চবিত্তদের এলাকা হিসেবে পরিচিত শহরের এক ব্যস্ত রাস্তার মাঝেই খোদ স্বামী-স্ত্রীর হাতাহাতির দৃশ্য দেখে তাজ্জব বনে গেছেন পথচলতি মানুষ। সাধারণ পারিবারিক অশান্তি যে কীভাবে প্রকাশ্য রাস্তায় এক নজিরবিহীন হাই-ভোল্টেজ ড্রামায় রূপ নিতে পারে, তার সাক্ষী রইল মিরাট।
ঘটনাটি ঘটেছে মিরাটের সিভিল লাইনস থানার অন্তর্গত ভিক্টোরিয়া পার্কের কাছে ক্রিকেট গ্রাউন্ড রোডে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, সোনম ও তাঁর স্বামী সঞ্চিত ভারতী কোনও একটি বিষয় নিয়ে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, জনসমক্ষে স্বামীর কলার ধরে তাঁর জামা ছিঁড়ে ফেলেন স্ত্রী। মেজাজ হারিয়ে, খানিক বিরক্ত হয়ে স্বামীও নিজের সেই ছেঁড়া শার্ট খুলে স্ত্রীর মুখের ওপর ছুড়ে মারেন। তারপর গটগট করে সেই জায়গা ছেড়ে অনাবৃত ঊর্ধ্বাঙ্গেই উল্টো দিকে হাঁটা শুরু করেন তিনি।
UP: In Meerut, wife grabbed husband's collar, tore his clothes. Husband threw the torn shirt at wife's face. Sonam and Sanchit's family dispute spilled from home to the street. pic.twitter.com/ISbsJe6VaZ
— mkhqa (@mkhqa119)Tweet by @mkhqa119
মাঝরাস্তায় এই লঙ্কাকাণ্ড দেখে মুহূর্তের মধ্যে উৎসুক জনতার ভিড় জমে যায়, যার ফলে ওই চত্বরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভিডিওতে স্ত্রীকে চিৎকার করে বলতে শোনা যায়, "কোথায় যাচ্ছো তুমি?"
এই হট্টগোলের মাঝে স্থানীয় এক কাউন্সিলর জরুরি নম্বর ১১২-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে থানায় নিয়ে গিয়ে কাউন্সেলিং শুরু করে।পুলিশি তদন্ত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোনম ও সঞ্চিত ভারতীর মধ্যে দীর্ঘ দিন ধরেই পারিবারিক ও দাম্পত্য কলহ চলছে। এর আগেও এই বিষয়টি বহুবার থানা এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, স্বামী সঞ্চিত তাঁর স্ত্রীকে নিয়মিত মাসিক ভরণপোষণ দিয়ে আসছিলেন। পুলিশ জানিয়েছে, এটি সম্পূর্ণভাবে একটি পারিবারিক বিবাদের ঘটনা। বর্তমানে উভয়পক্ষের সঙ্গেই আলোচনা চলছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
















