আজকাল ওয়েবডেস্ক: ক্লাসরুমের ভিতরেই ছাত্রীকে প্রেমের প্রস্তাব, আর তারপরেই হুলুস্থুল পড়ে গেল গোটা কলেজ চত্বরে। এমনকী, ছাত্রীর কাছে জুতোর বাড়িও খেলেন অধ্যাপক।

এমন ঘটনাই ঘটেছে বেঙ্গালুরুর একটি মেডিক্যাল কলেজে। মেডিক্যাল কলেজের মধ্যে এমন চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতে নড়েচড়ে বসেছে উর্ধ্বতন কর্তৃপক্ষও।

জানা গিয়েছে, ওই অধ্যাপক শ্রেণিকক্ষের ভিতরেই এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং পরে ওই অধ্যাপককে মারধর করার অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, ক্লাস চলাকালীনই অধ্যাপক হঠাৎ করে ওই ছাত্রীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেন। তবে ছাত্রী সঙ্গে সঙ্গেই আপত্তি জানিয়ে দেন। যার ফলে দু’জনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মাইক্রোফোন হাতে অধ্যাপক বলছেন, ‘আমাদের ব্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ এক ছাত্রীকে আমি প্রেমের প্রস্তাব দিতে চাই।’

এরপরেই তিনি ওই ছাত্রীর নাম উল্লেখ করেন। এতে ওই পড়ুয়া তৎক্ষণাৎ প্রতিবাদ জানিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন। ভিডিওতে আরও শোনা যায়, অধ্যাপক দাবি করছেন, ছাত্রী নাকি আগে তাঁকে ‘আই লাভ ইউ’ বলে প্রেমের প্রস্তাব দিয়েছিল।

কিন্তু ওই ছাত্রী তা জনসমক্ষে অস্বীকার করে বলেন, ‘আমি কখনও এটা বলিনি।’ বচসার মধ্যেই ওই ছাত্রী অধ্যাপককে উদ্দেশ্য করে বলে ওঠেন, ‘আপনি যদি কথা বলতে চান, তাহলে প্রিন্সিপালের কাছে যান। পুরো ব্যাচ আপনার সঙ্গে যাবে।’

দু’পক্ষের মধ্যে সংলাপটি ছিল:

অধ্যাপক: তুমি আমাকে কীভাবে প্রস্তাব দিলে?

ছাত্রী: আমি কবে প্রস্তাব দিলাম?

অধ্যাপক: তুমি কি ‘আই লাভ ইউ’ বলোনি?

ছাত্রী: এক্সকিউজ মি? আমি কবে প্রস্তাব দিলাম?

অধ্যাপক: সিসিটিভি আছে।

ছাত্রী: তাহলে সেটা সামনে আনুন।

এরপর অধ্যাপক ক্লাস থেকে বেরিয়ে যেতে যেতে বলেন, ‘আমি কাল তোমার সঙ্গে কথা বলব।’ উত্তরে ছাত্রী বলেন, ‘আমি কথা বলতে চাই না।’ এর কিছুক্ষণ পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, ছাত্রী ও তাঁর সহপাঠীরা কলেজের মধ্যেই অধ্যাপককে ঘিরে ধরে মারধর করেন এবং জুতোর বাড়ি মারা হয়। ঘটনার পর পুলিশ কলেজে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।