আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে শুনশান পাড়া, সবাই যখন অঘোরে ঘুমাচ্ছেন, তখনই তিন মূর্তির আবির্ভাব ঘটেছিল সেই বাড়ির সদর দরজায়। বাড়ির প্রধান ফটক খোলা, আবার সিঁড়ির নিচেই রাখা দামি মোটরবাইক— চোরদের কাছে এ যেন একেবারে মেঘ না চাইতেই জল। কোনও  বাধা ছাড়াই কেল্লাফতে করার এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চায়নি সেই চোরের দল। কিন্তু বিধিবাম! অতি সাবধানতাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল তাদের জন্য। 

পা টিপে টিপে সিঁড়িঘর দিয়ে ঢোকার সময় অন্ধকার কাটাতে গিয়ে সিঁড়ির আলো জ্বালাতে যায় একজন। আর তাতেই ঘটে বিপত্তি। ভুল করে আলোর সুইচের বদলে সে সজোরে চেপে দেয় বাড়ির কলিং বেল। নিস্তব্ধ রাত চিরে সেই বেলের আওয়াজ বাজতেই চোরদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। চুরির নেশা মুহূর্তে উবে গিয়ে তখন জান বাঁচানোর তাগিদ। যে দিক দিয়ে এসেছিল, সেই দিক দিয়েই যেন বাতাসের বেগে দৌড়ে পালাল তিন চোর।

?ref_src=twsrc%5Etfw">March 16, 2026

সম্প্রতি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই হাস্যকর কাণ্ডটি 'ঘর কে কলেশ' নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অত্যন্ত পেশাদার কায়দায় মুখ ঢেকে বাড়ির ভেতর সেঁধিয়েছিল তারা। বাইকটি হাতানোর আগে সবকিছু ঠিকঠাক দেখে নিতে চেয়েছিল চোরেরা। কিন্তু দলের একজন অন্ধকারে হাতড়াতে গিয়ে ভুল সুইচে আঙুল ছোঁয়াতেই সব পরিকল্পনা পণ্ড হয়ে যায়। বেলের আওয়াজে বাড়ির মালিক জেগে যাওয়ার আগেই নিজেদের বিপদ বুঝে মুহূর্তের মধ্যে এলাকা ছাড়ে ওই তিন মূর্তি। 

তাদের এমন 'লেজ গুটিয়ে' পালানোর দৃশ্য দেখে নেটাগরিকদের হাসির রোল উঠেছে। অনেকেই মশকরা করে বলছেন, চোরদের এমন আনাড়ি চুরির চেষ্টা বিরল। কেউ আবার লিখেছেন, অতি চালাকের গলায় দড়ি কথাটি এই ঘটনার জন্য একদম যথাযথ। ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করা না গেলেও, চোরদের এই হদ্দবোকা কাণ্ডটি এখন নেটপাড়ার প্রধান বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে।