আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে, 'রাখে হরি মারে কে?'। এই প্রবাদই যেন সত্যি প্রমাণিত হল চন্ডীগড়ে। ধুলোবালি ও খানাখন্দে ভরা রাস্তায় তাণ্ডব চালাচ্ছিল একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি। তীব্র গতিতে এগিয়ে যাওয়া গাড়িটিকে ঘিরে ধরেছিল উত্তেজিত জনতা। আর তারপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা।
জনতার দ্বারা আটক গাড়িটি ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই আচমকা ব্যাক গিয়ারে পিছিয়ে এসে সজোরে ধাক্কা মারে এক যুবককে। চাকার তলাতেই তাঁকে পিষে দিয়ে বেরিয়ে যায় গাড়িটি। এই ঘটনায় ওই যুবকের মৃত্যুই প্রত্যাশিত। কিন্তু এরপরেই ঘটে যায় সেই অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনা। সম্পূর্ণ রানওভার হওয়ার পরও অক্ষত অবস্থায় উঠে দাঁড়ান ওই যুবক। এরপর নিজেই হেঁটেই যান ওই যুবক! চণ্ডীগড়ের অভিজাত এলাকার ২৬ নম্বর সেক্টরের এই হাড়হিম করা 'হিট অ্যান্ড রান' মামলার একটি মোবাইল ভিডিও সমাজমাধ্যমে সম্প্রতি ব্যাপল ভাইরাল হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলা চণ্ডীগড়ের ২৬ নম্বর সেক্টরের একটি ডিস্কো ক্লাবের বাইরে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। গাড়ির ধাক্কায় দু'জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই চালক গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালায়। এরপর আহতদের উদ্ধার করে চণ্ডীগড়ের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলা ২৬ নম্বর সেক্টরের বাবুধাম কলোনির বাসিন্দা আমনজাত এবং ৪৪ নম্বর সেক্টরের বাসিন্দা অ্যালান্স প্রীত ওই ক্লাবে গিয়েছিলেন। ক্লাব থেকে বেরনোর সময়েই একটি মার্সিডিজ দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে। খবর পেয়ে ২৬ নম্বর সেক্টর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহত দু'জনকে উদ্ধার করে পাঠানো হয় জিএমসিএইচ-৩২ হাসপাতালে। বর্তমানে সেখানেই ওই দু'জনের চিকিৎসা চলছে।
ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে। শুরু হয়েছে তদন্ত। গাড়ির নম্বর প্লেট শনাক্ত করতে এবং পলাতক চালকের অবস্থান জানতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে খুব দ্রুত অভিযুক্ত চালককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।















