ক্যান্সারের মারণ থাবায় যেতে বসেছে প্রাণ। হাতে আর মাত্র কয়েকটা দিন। চিরবিদায় জানানোর আগে ছেলেকে সবটুকু বলে গেলেন এই মৃতপ্রায় বাবা। আর বাপ, ছেলের সেই কথোপকথন শুনেই কাঁদছে নেটপাড়া। ঠিক কী বলেছেন তিনি?
বাবা, মায়ের মতো নিঃশর্ত ভাবে কেউ কখনও ভালবাসতে পারে না। কথাটা আকছার শোনা যায়। এবার যেন হাতেনাতে তার জ্বলন্ত প্রমাণ পেল নেটপাড়া। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মুখে মাস্ক লাগিয়ে বসে। আর তাঁর সামনেই বসে তাঁর ছোট্ট সন্তান। এই ব্যক্তি জানেন তাঁর হাতে আর বেশি সময় নেই, ক্যান্সারের অ্যাডভান্সড স্টেজ। তাই চলে যাওয়ার আগে তাঁর ছেলে মন্ত্রকে শেষ কিছু কথা বলেন।
ধীর, শান্ত গলায় তিনি মন্ত্রকে বলেন, যেন সে সবসময় তার মায়ের কথা শুনে চলে, কখনও কোনও সমস্যা যেন না করে। এখন থেকে এই একরত্তির দায়িত্ব তার মা, আর দুই বোনকে দেখে রাখার। এই ছোট্ট বয়সেই যেন তিনি তার ছেলেকে তৈরি করে দিয়ে যাচ্ছেন তাঁর অবর্তমানে পরিবারকে দেখে রাখার জন্য।
কিন্তু ছেলের সঙ্গে কথা বলার সময় নিজেকে আর সামলে রাখতে পারেন না। কেঁদে ফেলেন। বলেন, 'কাঁদবে না। শক্ত থাকবে। তুমি না লক্ষ্মী ছেলে? বাবা যখন চলে যাবে, থাকবে না, তখন তাকে খুঁজতে যাবে না। আমাকে যখনই মিস করবে, জানবে আমি তোমার সঙ্গেই আছি। আমি সবসময় তোমায় দেখে রাখব, তোমার যত্ন নেব।' মৃত্যুর পরও বাবা মায়েরা যে কোথাও যান না, তাঁদের ভালবাসা যে সত্যিই নিঃশর্ত সেটাই যেন বারংবার এই ব্যক্তির কথায় ধরা পড়ছিল।
















