আজকাল ওয়েবডেস্ক: ১৭ বছরের কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে সংসারে নিত্যদিন অশান্তি। বাকি সন্তানরা যাতে দিদির মতো প্রেমের সম্পর্কে না জড়ায়, তার জন্য বড়মেয়ের গলা কেটে খুন করল বাবা। খুনের পর দেহ টুকরো টুকরো করে, তার পাশেই রাত কাটাল সে। নৃশংস হত্যাকাণ্ডের পর ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহারাইচ জেলার মোতিপুর থানার অন্তর্গত একটি গ্রামে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম নইম খান। সোমবার ধারাল অস্ত্র দিয়ে মেয়ের গলা কেটে খুন করে সে। এরপর মুন্ডু, হাত, পা কেটে আলাদা করে। টুকরো করা দেহের পাশেই সারারাত বসেছিল সে। পরেরদিন সকালে হাড়হিম করা দৃশ্য দেখেই থানায় অভিযোগ জানান মৃতার মা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছে খুনের ঘটনাটি। সে জানিয়েছে, গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বড়মেয়ের। পারিবারিক অশান্তির কারণে অতীতে দুইবার পালিয়ে গিয়েছিল। বুঝিয়ে আবার বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু এই কারণে গ্রামে তাদের সুনাম নষ্ট হচ্ছিল। চার সন্তানের মধ্যে কিশোরী বড়মেয়ে। বাকি সন্তানরা যাতে এমনটা না করে, তাই শাস্তি দিতেই বড়মেয়েকে খুন করে সে।