আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পর থেকে নিত্যদিন অশান্তি। শেষমেশ শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতেই থাকতে শুরু করেন যুবতী। বাপের বাড়ি এসেও বিপদ পিছু ছাড়ল না। একঘর আত্মীয়র সামনে যুবতীকে কুপিয়ে খুন করল তাঁর স্বামী। খুনের ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘাতক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়াহতে। পুলিশ সূত্রে খবর, দু'জনের ছয় বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু পারিবারিক অশান্তির কারণে সাত মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন যুবতী। কিন্তু তারপরেও তাঁর প্রতি সন্দেহ কমেনি স্বামীর। ঘাতক যুবকের সন্দেহ ছিল, তার ভাগ্নের সঙ্গে স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছেন। বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে সন্দেহের জেরেই অশান্তি এবং খুনের ঘটনাটি ঘটিয়েছে সে।
মৃতার পরিবার পুলিশকে জানিয়েছে, মঙ্গলবার সকালে আচমকা যুবতীর বাড়িতে ঢুকে পড়ে যুবক। এরপর সকলের সামনেই তুমুল ঝামেলা হয় দুজনের। আচমকা ধারাল ছুরি বের করে যুবতীর উপর হামলা চালায় সে। একাধিকবার স্ত্রীর মাথায় এবং গলায় ছুরির কোপ মারে। রক্তাক্ত অবস্থায় কয়েকজন যুবতীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ঘাতক যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খুনের ঘটনার তদন্ত জারি রয়েছে।
















