আজকাল ওয়েবডেস্ক: জুনের পাঁচেই বর্ষা ঢুকছে মুম্বইয়ে। ফলে জমা জলের সমস্যা এড়াতে শহরের একাধিক নিকাশিনালাগুলি পরিষ্কার করার কাজে উঠে পড়ে লেগেছে সরকার। সেই নালা পরিষ্কার করতে গিয়েই এদিন বেরিয়ে এল আস্ত একটা অটো।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ভাঙাচোরা অবস্থায় অটোটি উদ্ধার হয় পূর্ব আন্ধেরির সঙ্কিনা এলাকার এক ড্রেন থেকে। বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসির কিছু কর্মী পরিষ্কার করছেন শহরের বড় বড় নিকাশিনালাগুলি। সেখানেই পাওয়া যায় এই অটোটি।
শুধু অটোর কাঠামোই পাওয়া গিয়েছে এমনটা নয়। নালাগুলি থেকে একের পর এক উদ্ধার হচ্ছে সোফা, মাদুর, ভাঙা এসি, পায়া ভাঙা টেবিল ইত্যাদি নানান বড় বড় ঘরোয়া আসবাব।
আবহাওয়া দপ্তর জানিয়েছে মুম্বইয়ে গরমের দাপট ফুরাবে জুনের গোড়াতেই। স্বস্তি ফেরাতে শহরে বর্ষা ঢুকছে তাড়াতাড়ি। ফি বছর জমা জলে নাকানিচোবানি খায় শহর। মানুষজনের যাতায়াতে হয় বিপুল সমস্যা। বাড়ে মশার উৎপাত। জনসাধারণের শরীরেও নানান অসুবিধা দেখা দেয়।
এ বছর এই সমস্ত সমস্যা এড়াতে পুরসভা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। পরিষ্কার করা হচ্ছে নিকাশিনালা। বিএমসি-র কথায়, মঙ্গলবার পর্যন্ত শহরের প্রায় ৭৭ শতাংশ নালা পরিষ্কার করা হয়েছে।
সম্প্রতি বর্ষাকে কেন্দ্র করে একাধিক জরুরি প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যে বর্ষা মোকাবিলা করার জন্য শহরের মেট্রো ও অন্যান্য কাঠামোগত প্রকল্পগুলির জন্যও জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত ঠিকাদার সংস্থাগুলিকে দিয়ে বর্ষার সময় কীভাবে কাজ করানো হবে, তার বিস্তারিত পরিকল্পনাও করা হচ্ছে জোর কদমে। সেখানে শহর থেকে জল বের করার ব্যবস্থা, বর্ষার অতিরিক্ত পরিশ্রমের মধ্যে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বন্যা মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে কী কী করতে হবে এসব নিয়েও সরকার ভাবছে।
পাশাপাশি শহরের নানলাগুলি পরিষ্কার করা, সমস্ত ভাঙা ফুটপাতগুলি মেরামত করা এবং বিপজ্জনক নির্মাণকাজগুলি বর্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। তাছাড়া যেসব শ্রমিক শিবির জল জমার সম্ভাবনাযুক্ত এলাকায় রয়েছে, সেগুলিকে বর্ষার আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।
সাধারণ মানুষের অভিযোগ এবং জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ২৫ মে থেকে ১৫ অক্টোবর পর্যন্ত একটি বিশেষ দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখা হবে বলে জানিয়েছে এমএমআরডিএ। এই ব্যবস্থা চালু থাকবে ২৪ ঘণ্টাই।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) সোমবার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রায় ২৬ মে কেরালায় পৌঁছতে পারে। যদিও এই সময় চার দিন আগে বা পরে হতে পারে বলেও জানানো হয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমি বায়ু ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব আরব সাগরের অধিকাংশ এলাকার সঙ্গে সঙ্গে কন্যাকুমারী অঞ্চলের কিছু অংশে পৌঁছে গিয়েছে।
ফলে আগাম বর্ষার আশঙ্কাকে মাথায় রেখে মুম্বই প্রশাসন এবার আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে। প্রশাসনের আশা, এই প্রস্তুতির ফলে বর্ষাকালে জল জমা ও জনসাধারণের অহেতুক দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।















