আজকাল ওয়েবডেস্ক: দিল্লির নেহেরু প্লেসে চা খেতে গিয়েই বিপত্তি। চরম হেনস্থার শিকার হলেন উত্তর-পূর্ব ভারতের দুই তরুণী। শিস দেওয়ার প্রতিবাদ করায় তাঁদের ওপর চড়াও হল একদল মত্ত যুবক। 

অভিযোগ, প্রকাশ্য রাস্তায় ওই দুই তরুণীকে বাঁশ দিয়ে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় গায়ের পোশাক। এমনকী, তাঁদের জাতিগত পরিচয় নিয়ে অত্যন্ত কুরুচিকর ও বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ।

পুলিশ জানিয়েছে, গত রবিবার ভোরে ঘটনাটি ঘটে। একটি হোটেলের সামনে চা পান করছিলেন ওই দুই তরুণী। ঠিক সেই সময় দুই যুবক ওই তরুণীদের লক্ষ্য করে শিস দিতে থাকে। প্রতিবাদ করতেই আরও কয়েকজন জুটে গিয়ে তাঁদের ঘিরে ধরে। বচসা থেকে শুরু হয় হাতাহাতি।

অভিযোগকারিণীদের দাবি, তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে। শুধু তাই নয়, এলাকা ছাড়ার সময় বাঁশ দিয়ে মারা হয়েছে। মুখ খুললে ফল ভালো হবে না বলে হুমকিও দেয় অভিযুক্তরা।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় দুই তরুণীকে এইমস-এ নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ইতিমধ্যেই কালকাজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। 

সিসিটিভি ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ চারজন মূল পাণ্ডাকে শনাক্ত করেছে। ধড়পাকড় শুরু হলেও এখনও কেউ পুলিশের জালে ধরা পড়েনি। অভিযুক্তদের খোঁজে দিল্লির বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ বাহিনী।