আজকাল ওয়েবডেস্ক: লস্কর-ই-তইবা দিল্লির লালকেল্লা-সহ একাধিক মন্দির ও দেশের বড় শহরগুলির ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানে হামলার ছক কষছে। গোয়েন্দা সংস্থাগুলো সতর্কবার্তা জারি করেছে। আতঙ্ক রাজধানীতে। এর মধ্যেই আবার পাঞ্জাব ও কাশ্মীরে দু'টি আইইডি পাওয়া গিয়েছে! প্রাথমিকভাবে সন্ত্রাসবাদী হামলার সতর্কতার সঙ্গে এই আইইডি উদ্ধারের কোন যোগসূত্র না থাকলেও, উদ্বেগ বাড়ছে।
পাঞ্জাবে, শুক্রবার অমৃতসরের রায়া পুলিশ পোস্টের কাছে একটি সন্দেহজনক ব্যাগে একটি আইইডি পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে যে, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইইডিটি নিষ্ক্রিয় করা হয়েছে।
এসএসপি সোহেল কাসিম মীর সংবাাদ মাধ্যমকে বলেছেন, "পুলিশ চৌকির কাছে একটি সন্দেহজনক ব্যাগ দেখা গিয়েছে। তাৎক্ষণিকভাবে, বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয় এবং তারা এটিকে আইইডি বলে নিশ্চিত করে। পরে, প্রোটোকল অনুসারে, এটি নিষ্ক্রিয় করা হয়।"
একই দিনে, কাশ্মীরের গান্দেরবাল জেলার সাফাপোরায় আরেকটি আইইডি পাওয়া গিয়েছে। সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের বোমা সনাক্তকরণ স্কোয়াড (বিডিএস) আইইডিটি সনাক্ত করে এবং কয়েক ঘন্টার মধ্যে এটা নিষ্ক্রিয় করে।
এই নিয়ে উত্তর কাশ্মীরে গত সপ্তাহে তৃতীয় আইইডি সনাক্ত করা হল। বৃহস্পতিবার, টাংমারাগ রোডে একটি এবং বারামুল্লায় একটি আইইডি পাওয়া গিয়েছিল।
