আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন সিনেমা! এক মণ্ডপে এক লগ্নে সাত পাকে বাঁধা পড়লেন চারজন। দুই পাত্রী ও দুই পাত্র হুবহু একরকম দেখতে! বিয়ের মরশুমে এহেন বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতরাও হতবাক হয়ে গেছেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। জানা গেছে, পাত্রীরা হলেন যমজ বোন। অন্যদিকে পাত্ররাও হলেন যমজ ভাই। ওই যমজ বোন ও যমজ ভাই একই দিনে, একই মণ্ডপে, একই লগ্নে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যে বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। 

ঘটনাটি ঘটেছে কামারেড্ডি জেলায়। পাত্রেরা হলেন, বিজয় ও বিনয়। তাঁরা ঘানপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে পাত্রীরা হলেন, কীর্তি ও কীর্তনা। তাঁরা নিজামাবাদ জেলার দেমি কলন গ্রামের বাসিন্দা। গত ২২ ফেব্রুয়ারি রবিবার এক বিয়ের আসরেই এক লগ্নেই চারজন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 

জানা গেছে, বিয়ের সময় চারজনেই পাশাপাশি বসেছিলেন। এমনকী বিয়ের পর মঞ্চে সোফাতেও দুই নবদম্পতি পাশাপাশি বসেছিলেন। একনজরে দেখে চমকে ওঠেন নিমন্ত্রিতরা। বিয়ের সাজে দুই পাত্রীকে আলাদা করে চেনার উপায় ছিল না তাঁদের। এহেন দৃশ্য অত্যন্ত বিরল বলেই দাবি করেছেন তাঁরা। 

ওই বিয়ের অনুষ্ঠানে আশেপাশের গ্রামের বাসিন্দারাও ভিড় জমান। তাঁদের কথায়, জীবদ্দশায় এমন দৃশ্য আর কখনও হয়তো দেখা যাবে না। দুই নবদম্পতি পাশাপাশি বসে, যাঁদের হুবহু একরকম দেখতে। বিয়ের মরশুমে এমন মুহূর্ত বারে বারে আসে না। অতি বিরল এই দৃশ্যের সাক্ষী থাকার জন্য সকলেই উপস্থিত ছিলেন সেখানে। 

প্রসঙ্গত, ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল চীনেও। মধ্য চীনের আনহুই প্রদেশের ফুয়াং এলাকায় যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে হয়েছিল। সচরাচর এমন ঘটে না বলে, আত্মীয়-স্বজনরা সব ছুটে গিয়েছিলেন। জানা গেছে, এই বিয়েবাড়িতে যমজ নবদম্পতি ছাড়াও দুই তরফের যমজ আত্মীয়দেরও দেখা পাওয়া গিয়েছিল। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, দুই যমজ বোন হলেন, শান সিস্টার্স। দুই যমজ ভাইকে পদবীর নিরিখে সং ব্রাদার্স বলা হয়েছে। এক এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা। ২০ বছর আগে তাঁদের মা-বাবাদের মধ্যে আলাপ হয়েছিল। পরবর্তীতে দুই যমজ বোন পছন্দ করেন ওই দুই যমজ ভাইকে। 

বিয়ের অনুষ্ঠানে আরও যমজ আত্মীয়দের দেখা গিয়েছিল। দুই পক্ষেই ঘনিষ্ঠ যমজ কাকা-মামা ছিলেন। বর ও কনের বেশে থাকা যমজ ভাইবোনের সঙ্গে তাঁদের যমজ কাকা-মামার ছবিও তোলা হয় আলাদা করে। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।