আজকাল ওয়েবডেস্কঃ ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে একেবারে কর্পোরেট ধাঁচে  আগরতলা পুরনিগম এলাকার জ্যাকসন গেট সংলগ্ন এলাকায় হাসপাতাল উদ্বোধন করা হয়। ৫০ শয্যার এই ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতাল-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। প্রায় ২০.৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল চালুর ফলে রাজধানী আগরতলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শহরের পাশাপাশি জেলা, মহকুমা ও এডিসি এলাকাতেও আধুনিক স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সরকারের লক্ষ্য, রাজ্যের ১৯টি পুর এলাকায় পর্যায়ক্রমে একটি করে কর্পোরেট ধাচে আধুনিক সিভিল হাসপাতাল গড়ে তোলা এবং প্রতিটি জেলায় ট্রমা সেন্টার স্থাপন করা।

মুখ্যমন্ত্রী বলেন, "ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের অংশ হিসেবে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যের রোগীরা দিল্লির এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি, রাজ্যে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি কলেজ স্থাপনের কাজ চলছে। এছাড়্‌ প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল এবং ১০০ শয্যার একটি আধুনিক চক্ষু হাসপাতাল গড়ে তোলা হবে।"


স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি জেলায় নেশামুক্তি কেন্দ্র স্থাপনের উদ্যোগের কথাও তিনি জানান। এ বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী।

আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, "অত্যাধুনিক ডিজিটাল স্বাস্থ্য পরিষেবাসম্পন্ন এই হাসপাতাল উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম আধুনিক স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। হাসপাতালের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে সকলের অংশগ্রহণের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।"

অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, আগরতলা পুরনিগমের কমিশনার সাজু বাহিদ এ., ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।