আজকাল ওয়েবডেস্ক: টাকা ধার নিয়েছিলেন স্বামী, সেই টাকা শোধ করতে পারেননি। তার জেরে অত্যাচার স্ত্রীকে। ত্রিপুরায় মহিলার উপর অকথ্য অত্যাচার করলেন মহিলারাই। ঘটনার খবর পেয়েই, বিশালগড় মহিলা থানার মহিলা পুলিশরা ওই মহিলাকে উদ্ধার করেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কী জানাচ্ছেন ওই মহিলা? পুলিশে ওই মহিলা জানিয়েছেন, তিনি রান্না করছিলেন, সেই সময় স্থানীয় মহিলা গোষ্ঠীর অন্তত ১৫ থেকে ২০জন মহিলা তাঁর ঘরে ঢুকে যান। বেধড়ক মারধোর করা হয়। চুলের একঅংশ কেটে দেওয়া হয় নির্মমভাবে। কিন্তু কারণ কী? মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী ওই স্থানীয় মহিলা গ্রুপ থেকে বেশকিছু টাকা ধার নিয়েছিলেন। কিন্ত শোধ করতে পারেননি। 

তারপরেই মহিলার উপর চড়াও হন ওই দলের মহিলারা। তৎক্ষণাৎ টাকা ফেরত চান। দিতে না পারায় শুরু হয় অকথ্য মারধোর। 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, পুলিশ, অজ্ঞাতপরিচয় মহিলাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মাম্লা দায়ের করেছে। বিশালগড় মহিলা থানার ইনচার্জ শিউলি দাস, যিনি বিষয়টি তদন্ত করছেন, জানিয়েছেন স্থানীয় স্ব-সহায়ক গোষ্ঠীর (এসএইচজি) সদস্যরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। তদন্ত চলছে।