নিতাই দে, আগরতলা: রাজধানী আগরতলাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে স্মার্ট সিটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ওপর জোর দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড.মানিক সাহা। শনিবার শহরের বিভিন্ন এলাকায় চলমান স্মার্ট সিটি প্রকল্প পরিদর্শন করে তিনি জানান, দুর্গাপূজার আগেই রাস্তা, ড্রেন, আন্ডারগ্রাউন্ড বিদ্যুতায়ন ও জলনিকাশির অধিকাংশ কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। নাগরিকদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার কারণে কিছুটা বিলম্ব হলেও কাজের গতি বাড়াতে অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।"
তিনি জানান, ভারী বৃষ্টিতে সাময়িক জলজট হলেও অত্যাধুনিক পাম্পিং ব্যবস্থার মাধ্যমে দ্রুত জল নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের নালাগুলি পরিষ্কার রাখতে নাগরিকদেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, "বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে তার সুফল সাধারণ মানুষই পাবেন।" তবে অতীতের কিছু প্রশাসনিক জটিলতার কারণে কয়েকটি প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিন রবীন্দ্রভবন প্রাঙ্গণ, পূর্বাশা, পুরাতন সেন্ট্রাল জেল, আশ্রম চৌমুহনী, লালবাহাদুর চৌমুহনী, উজান অভয়নগর, হরিগঙ্গা বসাক রোড ও প্যারাডাইস চৌমুহনী-সহ একাধিক এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কাজের গুণমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দেন।
পরিদর্শনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে. কে. সিনহা, বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক, পুলিশ সুপার এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















