আজকাল ওয়েবডেস্ক: দেশের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন প্রবল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোথাও ভারী বৃষ্টি ও ঝড়, কোথাও আবার তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য বিশেষ ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে আবহাওয়া দপ্তর। পাহাড় থেকে সমতল, উত্তর ভারত থেকে দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চল— প্রায় গোটা দেশেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এর ফলে শিমলা, মানালি, মুসৌরি, নৈনিতালের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে যাতায়াতে সমস্যা তৈরি হতে পারে। পাহাড়ি রাস্তায় ধস, কাদা ও কম দৃশ্যমানতার কারণে পর্যটকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যেও জারি হয়েছে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা। পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এবং ওড়িশায় বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে। এর জেরে ট্রেন ও বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণ ভারতেও পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। তেলেঙ্গানার একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ ভারতের কিছু অংশে আবার তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দিল্লি, নয়ডা, গুরগাঁও ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের ৪২টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রবল ঝড় ও বৃষ্টির কারণে সাধারণ মানুষের পাশাপাশি ভ্রমণকারীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মে মাসে দেশের বহু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহ হতে পারে। বিশেষ করে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং উপকূলবর্তী কিছু এলাকায় তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। তবে একই সময়ে দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতও স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
&t=136s
এই পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনা করার আগে আবহাওয়ার আপডেট নিয়মিত দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি এলাকায় গেলে অতিরিক্ত সময় হাতে রাখা, ভারী বৃষ্টি ও ঝড়ের সময় অপ্রয়োজনীয় যাত্রা এড়ানো এবং গরম এলাকায় পর্যাপ্ত জল ও হালকা পোশাক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৪ মে পর্যন্ত দেশের বিভিন্ন অংশে এই অস্থির আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে।















