আজকাল ওয়েবডেস্ক: উত্তর সিকিমের লাচেন এলাকায় ভয়াবহ ভূমিধস ও খারাপ আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের অবশেষে নিরাপদে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চল বিভাগ। সেনার 'অপারেশন হিম সেতু' নামের এই বিশেষ অভিযানে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সফলভাবে উদ্ধার করা হয় ১৩২১ জন পর্যটক ও ৮৪ জন স্থানীয় বাসিন্দাকে।

দিন কয়েক আগে ভূমিধসে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত লাচেন–চুংথাং সড়ক পথ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাচেন। লাচেনের সঙ্গে সড়ক যোগাযোগ ফের চালু করতে সেনাবাহিনী দ্রুত একটি অস্থায়ী ফুটব্রিজ তৈরি করে। এর ফলে বিপজ্জনক এলাকা পার করে নিরাপদে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।
উদ্ধার অভিযানের সময় বিভিন্ন স্থানে রিসেপশন সেন্টার তৈরি করে পর্যটকদের জন্য খাবার, চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেন্টারে চিকিৎসক দল সার্বক্ষণ মোতায়েন ছিল। 

দুর্গম এলাকায় আটকে পড়া গাড়িগুলিকেও সেনাবাহিনীর যানবাহনের সাহায্যে নিরাপদে পার করা হয়।

এই বড়সড় উদ্ধার অভিযান পরিচালনা করে ভারতীয় সেনার 'ত্রিশক্তি কোর'। এই 'ত্রিশক্তি কোর' ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড-এর অধীনে কাজ করে। সেনার সঙ্গে উদ্ধার কাজে সহায়তা করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন। তারা- রাস্তা পরিষ্কার, বরফ সরানো এবং যোগাযোগ পুনরুদ্ধারের কাজ একযোগে চালিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক বলেন, "প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অস্থায়ী সেতু ও নিরাপদ পারাপারের ব্যবস্থা করে নিরবচ্ছিন্ন উদ্ধার অভিযান চালানো হয়েছে।"

এই বড়সড় উদ্ধার অভিযানে সেনার ত্রিশক্তি কোর-এর সঙ্গেই, কাজ করেছে 'বর্ডার রোডস অর্গানাইজেশন'। তারা রাস্তা পরিষ্কার, বরফ সরানো এবং যোগাযোগ পুনরুদ্ধারের কাজ একযোগে চালিয়েছে।

বর্তমানে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনী।

অভিযানের সারসংক্ষেপ:
* ৪৮ ঘণ্টায় উদ্ধার অভিযান সম্পূর্ণ
* ১৩২১ পর্যটক ও ৮৪ স্থানীয় বাসিন্দা নিরাপদে উদ্ধার
* ফুটব্রিজ তৈরি করে উদ্ধার কাজ চলেছে
* সেনা, প্রশাসন ও বিআরও-র যৌথ উদ্যোগ