আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার দোল। শনিবার হোলি। গোটা দেশ মাতবে রঙের উৎসবে। যদিও বিভিন্ন জায়গায় রঙের উৎসব শুরু হয়ে গেছে। 


এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, হোলিতে বৃষ্টিতে ভাসবে রাজধানী দিল্লি। কলকাতায় যেখানে এখনই তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেখানে দিল্লি ছাড়াও জম্মু–কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ–সর্বত্র হোলির দিন ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। 


এদিকে গুজরাটে বইছে তাপপ্রবাহ। ৪০ ডিগ্রি পার করে গিয়েছে বিভিন্ন জেলার তাপমাত্রা। একই অবস্থা হতে চলেছে বাংলাতেও। চৈত্র মাস পড়লেই তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রিতে চলে যেতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার দোল ও হোলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিল্লিতে গরম থাকলেও মৌসম ভবন জানিয়েছে আগামী ৪৮ ঘন্টায় সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার হোলিতে বৃষ্টির সম্ভাবনা। ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা। 


এদিকে, ১৩ থেকে ১৬ মার্চ জম্মু–কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে তুষারপাত। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থানে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়েও। ঝড়বৃষ্টির সম্ভাবনা সিকিমেও।


পূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরেকটি ঘূর্ণাবর্ত পূর্ব অসম এবং তৎসংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। এর প্রভাবে ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।