আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের রাজকোটে ভয়াবহ কাণ্ড৷ চরম আর্থিক দেনায় ভুগছিল পরিবারটি৷ দিনের পর দিন এমন চলতে থাকায় আচমকা বিষ খেয়ে একই পরিবারের তিন জন আত্মঘাতী হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন দিলীপভাই খক্কর (৭৩), তাঁর স্ত্রী স্মিতাবেন খক্কর (৬৫) এবং তাঁদের ছেলে নিশিত খক্কর (৩২)।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে অজন্তা পার্ক এলাকার বাড়িতে শস্যে ব্যবহৃত বিষাক্ত কীটনাশক ‘সেলফোস’ খান তিন জন। 

তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী ও আত্মীয়েরা তাঁদের দ্রুত রাজকোট সিভিল হাসপাতালে ভর্তি করান। কিন্তু শেষরক্ষা হয়নি৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে একে একে তিন জনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থানার পুলিশ গিয়ে দেহগুলি ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, দেনার দায়েই এই চরম পদক্ষেপ। তবে এর নেপথ্যে অন্য কোনও চাপ ছিল কি না, তা জানতে আত্মীয় ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জারি রয়েছে৷