আজকাল ওয়েবডেস্ক: কলেজ পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার দশদিন পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে আঁতকে উঠেছে পুলিশও। গত ২৫ দিনে অভিযুক্ত যুবক পরপর পাঁচটি খুন করেছে। এর মধ্যেই কলেজ পড়ুয়াকে ধর্ষণ করে খুন করে সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গুজরাটের ভালসাদের মোতিওয়াড়া গ্রামে কলেজ পড়ুয়াকে ধর্ষণ করে খুন করে ওই যুবক। বাপি রেল স্টেশনের পাশ দিয়ে টিউশন থেকে বাড়ি ফিরছিলেন তরুণী। তখনই তাঁকে ধর্ষণ করে, শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায় যুবক। এই ঘটনার পরেই শুরু হয় উচ্চ পর্যায়ের তদন্ত।
পুলিশ জানিয়েছে, তরুণীকে ধর্ষণ ও খুনের পর পালাতে গিয়ে পরপর একাধিক ট্রেনে আরও তিনটি খুন করে যুবক। এভাবে ২৫ দিনে পাঁচটি খুনের ঘটনা সে ঘটিয়েছে। অভিযুক্ত যুবক হরিয়ানার বাসিন্দা। অতীতে আরও একাধিক অপরাধের ঘটনায় সে অভিযুক্ত ছিল। তাকে ধরতে তদন্তে নামে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও।
রেল স্টেশনের পাশ থেকে একটি ব্যাগ থেকে কিছু কাপড় উদ্ধার করে পুলিশ। এরপর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযানে নামে ৪০০ পুলিশ। গুজরাটের বাইরে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশেও তল্লাশি চালায় পুলিশ। দুই হাজার ঘণ্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এরপর বাপি রেল স্টেশনের কাছেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
















