আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার বিকেলে ভয়াবহ ঘটনা। তামিলনাড়ুতে একটি উৎপাদন কারখানার চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণের হয়। যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। আহত আরও বেশ কয়েকজন। সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এমনই খবর।
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে 'জৈন রিসোর্স রিসাইক্লিং' নামক একটি বেসরকারি সংস্থার ম্যানুফ্যাকচারিং ইউনিট বা উৎপাদন কেন্দ্রে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তারা খতিয়ে দেখছেন। সকলের নিরাপত্তার স্বার্থে কারখানার ক্ষতিগ্রস্ত অংশে আপাতত উৎপাদন ও সমস্ত কাজকর্ম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সমাজমাধ্যম লিঙ্কডইন-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, 'জৈন রিসোর্স রিসাইক্লিং' সংস্থাটি মূলত তামা, অ্যালুমিনিয়াম এবং সিসার মতো বর্জ্য ধাতু পুনর্ব্যবহারযোগ্য করে অলৌহঘটিত ধাতব পণ্য তৈরি করে। এই কাঁচামালগুলোই অটোমোবাইল, ইলেকট্রিক্যাল এবং নির্মাণ শিল্পে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
জানা গিয়েছে, ঘরোয়া ও আন্তর্জাতিক বাজারে এই সংস্থার বড়সড় বাণিজ্যিক নেটওয়ার্ক রয়েছে। এদের গ্রাহক তালিকায় রয়েছে দেশের নামী সংস্থা বেদান্ত গ্রুপের 'স্টারলাইট কপার' এবং 'লুমিনাস পাওয়ার টেকনোলজিস'-এর মতো নাম। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে জাপানের 'মিতসুবিশি কর্পোরেশন আরটিএম' ও 'নিসান ট্রেডিং কোম্পানি'-র মতো বহুজাতিক সংস্থাও এদের গ্রাহক তালিকায় স্থান পেয়েছে।
এ দিকে, সম্প্রতি ছত্তিশগড়ের রায়পুরে একটি পিগ আয়রন কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় মৃত ৩ শ্রমিক। প্রাথমিকভাবে জানা যায়, অক্সিজেন সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ ঘটে। এর পর তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কারখানায় যখন কাজ চলছিল, তখনই হয় বিস্ফোরণ। ওই সময়ে সেখানে উপস্থিত ছিলেন বহু শ্রমিক। আচমকা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে কারখানাটি। তারপরই আগুন ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কারাখানা থেকে পালাতে শুরু করেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানোর কাজ এবং উদ্ধারাভিযান। তবে বহু কষ্টে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।
















