আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর কুর্সিতে বসেই ‘অ্যাকশন’ শুরু করে দিলেন থালাপথি বিজয়। রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুহূর্তেই একাধিক গুরুত্বপূর্ণ ফাইলে সই করে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটা শুরু করলেন ‘তামিলগা ভেট্টি কাজাগম’ (TVK) প্রধান সি জোসেফ বিজয়। বিনোদন জগত থেকে রাজনীতির ময়দানে পা রেখে প্রথম দিনেই তিনি বুঝিয়ে দিলেন, তার প্রশাসন হবে গতিশীল এবং স্বচ্ছ।
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের কলমের প্রথম ছোঁয়ায় সিলমোহর পড়ল সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবায়। এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি বিশেষ বাহিনী গঠন এবং রাজ্যজুড়ে মাদকের নেশা রুখতে প্রতিটি জেলায় অ্যান্টি-ড্রাগ ইউনিট তৈরির ফাইলে সই করেন তিনি। তবে সবচেয়ে বড় চমক ছিল ডিএমকে (DMK) সরকারের আমলের আর্থিক খতিয়ান নিয়ে তার ঘোষণা। বিজয় স্পষ্ট জানান, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যের আর্থিক পরিস্থিতির ওপর একটি 'শ্বেতপত্র' প্রকাশ করা হবে। তার অভিযোগ, পূর্বতন সরকার প্রায় ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা তার কাঁধে চাপিয়ে দিয়ে গেছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষের করতালির মধ্যে বিজয় প্রতিশ্রুতি দেন, তার সরকার হবে স্বচ্ছ এবং জনমুখী। এআইএডিএমকে (AIADMK)-কে কটাক্ষ করে তিনি বলেন, কোনও রুদ্ধদ্বার রাজনীতি নয়, বরং প্রকাশ্যেই তিনি তার দায়িত্ব পালন করবেন। বিধানসভায় ১২০ জন বিধায়ক নিয়ে কোনওমতে সংখ্যা গরিষ্ঠতা থাকলেও, প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে বিজয় অভয় দিয়ে জানান, ক্ষমতার কোনও একাধিক কেন্দ্র থাকবে না; সব সিদ্ধান্তের চূড়ান্ত অধিকার থাকবে তারই হাতে।
তবে দিনভর রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও নিজের আবেগপ্রবণ ইমেজ বজায় রেখেছেন এই সুপারস্টার। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা আমাকে সমালোচনা বা অপমান করেছেন, তারাও আমার আপনজন।” বিশেষ করে জেন-জি (GenZ) এবং মিলেনিয়াল প্রজন্মের সমর্থকদের উদ্দেশ্যে তামিল ভাষায় ‘নানবা’ ও ‘নানবি’ (বন্ধু) সম্বোধন করে তিনি বলেন, “তোমরাই আমার প্রাণ। তোমাদের এই ‘বিজয় মামা’ তোমাদের ভালোর জন্য সবকিছু করবে।” নতুন দলের হয়ে টানা দুই বছর পরিশ্রম করা কর্মীদের ‘ভার্চুয়াল ওয়ারিয়র্স’ হিসেবে অভিহিত করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি নবনিযুক্ত এই মুখ্যমন্ত্রী।















