আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার সেই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘সাজানো’ বলে উড়িয়ে দিলেন তিনি। তাঁর দাবি, অভিযোগকারী কিশোররা কোনওদিন তাঁর আশ্রমে পা-ও রাখেনি।

পাল্টা যুক্তি দিয়ে শঙ্করাচার্য বলেন, “ওই ছেলেরা কোনওদিন আমাদের গুরুকুলে আসেনি, পড়াশোনাও করেনি। তাদের সঙ্গে আমাদের কোনও সম্পর্কই নেই। মামলার নথিতে থাকা মার্কশিট থেকেই পরিষ্কার যে তারা হারদোইয়ের একটি স্কুলের ছাত্র। যারা কোনওদিন এখানে এলই না, তাদের সঙ্গে কিছু ঘটা কীভাবে সম্ভব?”

সম্প্রতি পকসো আদালতের নির্দেশে প্রয়াগরাজের ঝুঁসি থানায় শঙ্করাচার্য, তাঁর শিষ্য মুকুন্দানন্দ ব্রহ্মচারী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে গত শনিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে একাধিক নাবালকদের উপর যৌন হেনস্থার ঘটনা ঘটেছে।

তদন্তের বিষয়ে অবশ্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন শঙ্করাচার্য। তিনি জানান, পুলিশের কাজে তিনি কোনও বাধা দেবেন না। সংবাদমাধ্যমের সামনে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, “মানুষ সব দেখছেন। আমাদের কাছে আদালত তিনটি। প্রথমটি হলো সাধারণ মানুষ- তাঁরাই বিচার করবেন। দ্বিতীয়টি হলো নিজের বিবেক- আমরা জানি আমরা ঠিক কি না। আর তৃতীয়টি হলো ঈশ্বর। এই তিন আদালত থেকেই আমরা নির্দোষ বলে প্রমাণিত হব।”