আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ওড়িশার পুরীতে জগন্নাথদেবে রথযাত্রার সময় পদপিষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২০ জন আহত হয়েছেন। সকলকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্টে এক জনের মৃত্যু হয়েছে।

ওড়িশা টিভির একটি প্রতিবেদন অনুসারে, কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ওড়িশার পুরীর গ্র্যান্ড রোডে (বড়া দণ্ড) রথযাত্রা চলাকালে ভক্তদের প্রচণ্ড ভিড়ের কারণে পদপিষ্ঠের পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচণ্ড ভিড়ে অন্তত ২০০ জন শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে শুরু করেন। এদের মধ্যে ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর মতে, এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, শ্বাসরুদ্ধ হয়ে ওই ভক্ত জ্ঞান হারান। তাঁকে দ্রুত পুরী জেলা সদর হাসপাতালে (ডিএইচএইচ) নিয়ে যাওয়া হয়। তবে, সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও প্রশাসনের তরফে এই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

বিশেষ উদ্ধারকারী ইউনিট (এসআরইউ) সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং জনাকীর্ণ এলাকা থেকে ভক্তদের সরিয়ে নেয়। প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সকলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এই ঘটনার পর, কর্তৃপক্ষ গ্র্যান্ড রোড বরাবর আরও দুর্ঘটনা এড়াতে ভিড় ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

ওড়িশার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অসুস্থ বহু পুণ্যার্থীই হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগই শ্বাসকষ্ট এবং ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল-সহ একাধিক মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। 

এর আগেও ২০২৫ সালে, বার্ষিক রথযাত্রার সময় শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ঠ হয়ে অন্তত তিনজন ভক্ত নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছিলেন। মন্দিরের কাছে আগে থেকেই জনাকীর্ণ সারধাবলী এলাকায় পবিত্র পূজার সামগ্রী বহনকারী দু’টি ট্রাক প্রবেশ করলে পদপিষ্ঠের ঘটনাটি ঘটে। ভক্তরা ভোর থেকেই পবিত্র ‘পাহুদা’ অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষা করছিলেন, যে অনুষ্ঠানে দেব-দেবীর মুখ ঢাকা কাপড় সরানো হয়।