আজকাল ওয়েবডেস্ক: প্রতীক্ষার অবসান হতে হতেও হলো না। ১ মার্চ থেকে শ্রীনগর ও জম্মুর মধ্যে যে বহুল চর্চিত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হওয়ার কথা ছিল, ‘অনিবার্য কারণে’ আপাতত তা স্থগিত রাখল রেল বোর্ড। উত্তর রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই 'বিশেষ' পরিষেবা চালুর প্রক্রিয়াটি স্থগিত থাকছে।
উল্লেখ্য, এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই ১ মার্চ থেকে পরিষেবা শুরুর কথা ঘটা করে জানিয়েছিল উত্তর রেল। কাশ্মীর উপত্যকার সঙ্গে জম্মুর সরাসরি রেল যোগাযোগ স্থাপন এবং শ্রীনগর থেকে দেশের বাকি অংশের রেল সংযোগ মসৃণ করার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের দুই রাজধানী শহরের মধ্যে সরাসরি ট্রেনের দাবি দীর্ঘদিন ধরেই।
গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। সেটি উপত্যকার যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক মাইলফলক ছিল। সেই পরিষেবারই পরবর্তী ধাপ হিসেবে গত মঙ্গলবার উত্তর রেল জানায়, এবার সরাসরি জুড়বে শ্রীনগর ও জম্মু। যাত্রীদের প্রবল ভিড় সামলাতে বর্তমানের ৮ কোচের ট্রেনটিকে বাড়িয়ে ২০ কোচের করার পরিকল্পনাও নেওয়া হয়েছিল।
বর্তমানে কাটরা-শ্রীনগর রেল পরিষেবা জম্মু ও কাশ্মীরের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু সীমিত কোচ এবং ট্রেনের সংখ্যার তুলনায় যাত্রীর চাপ অত্যধিক হওয়ায় হিমশিম খেতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে।
শ্রীনগর-জম্মু ট্রেন চালুর ঘোষণাকে অনেকেই ‘ঐতিহাসিক’ পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। যদিও কাশ্মীর থেকে সরাসরি দিল্লি বা দেশের অন্যান্য প্রান্তে ট্রেন যাওয়ার স্বপ্ন এখনও পুরোপুরি সফল হয়নি। বর্তমানে যাত্রীদের কাটরার পর ট্রেন বদল করতে হয়।
রেল বিশেষজ্ঞদের মতে, শ্রীনগর-কাটরা বন্দে ভারত যদি জম্মু পর্যন্ত সম্প্রসারিত হয়, তবে তা ভবিষ্যতে দিল্লি-শ্রীনগর সরাসরি রেল সংযোগের পথ আরও প্রশস্ত করবে।
