আজকাল ওয়েবডেস্ক: অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে। কিন্তু ডেথ সার্টিফিকেট কই? দিদির টাকার উত্তরাধিকারী যে ভাইই, তা প্রমাণ করার নথিও ছিল না। টাকা পেতে ভাই যা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে রীতিমতো শোরগোল।
কবর খুঁড়ে দিদির কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে হাজির ভাই। ঘটনায় হকচকিয়ে গেলেন ব্যাঙ্কের আধিকারিক, কর্মী থেকে সাধারণ মানুষ। ঘটনাস্থল ওড়িশা। ওড়িশার কেওনঝড়ের ঘটনা সামনে এসেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
ঠিক কী ঘটেছে? তথ্য, সোমবার ওড়িশার কেওনঝড় জেলার এক ব্যক্তি তাঁর বোনের মৃত্যু প্রমাণ করতে এবং তাঁর অ্যাকাউন্টের টাকা দাবি করতে বোনের কঙ্কাল নিয়ে সোজা ব্যাঙ্কে হাজির হন। ঘটনাটি কেওনঝর জেলার পাটনা ব্লকের মালিপাসি এলাকায় ঘটেছে।
জিতু মুন্ডা (৫৫) নামে ওই ব্যক্তি দু' মাস আগে মারা যাওয়া তাঁর বোন, দিয়ানালি গ্রামের কালারা মুন্ডার জমানো টাকা তোলার জন্য ওড়িশা গ্রামীণ ব্যাঙ্কে গিয়েছিলেন। তবে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ দাবিটি প্রক্রিয়া করার আগে তাঁকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেন। কিন্তু দিদি যে প্রয়াত, এবং তাঁর জমানো টাকার উত্তরাধিকারী তিনিই। কিন্তু তাঁর কাছে তা প্রমাণ করার মতো কোনও কাগজ ছিল না।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ নথি দেখতে চাওয়ায়, কবর খুঁড়ে সোজা দিদির কঙ্কাল নিয়ে হাজির হন ভাই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর,ব্যাঙ্ক আধিকারিকেরা বিষয়টির দিকে নজর দেওয়ার কথা বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। সূত্রের খবর, ওই ব্যক্তির দিদির অ্যাকাউন্টে প্রায় ২০ হাজার টাকা ছিল। সেই টাকাই তুলতে চেয়েছিলেন তিনি।















