নিতাই দে,আগরতলা: হিমালয় পরিবার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগামী ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ৩০তম সিন্ধু দর্শন যাত্রা এবং ‘এক সিন্ধু মহাকুম্ভ’। এই উপলক্ষ্যে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল-সহ হিমালয় পরিবারের অন্যান্য সদস্যরা।
উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল জানান, সিন্ধু দর্শন যাত্রার ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে এবারের আয়োজনকে বিশেষ গুরুত্ব দিয়ে ‘এক সিন্ধু মহাকুম্ভ’-এর রূপ দেওয়া হয়েছে। ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলা এই যাত্রায় অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ স্থান পরিদর্শনের সুযোগ পাবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যাত্রাপথে অংশগ্রহণকারীরা মানালি, অটল টার্নেল এবং জম্বু কাশ্মীর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
রামপ্রসাদ পাল বলেন, "প্রতি বছরের মতো এবারও ত্রিপুরা থেকে বহু মানুষ এই যাত্রায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।"
তিনি রাজ্যের সাংবাদিকদেরও এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, এই যাত্রা দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রাকে কাছ থেকে দেখার পাশাপাশি তা ছবির মাধ্যমে বৃহত্তর জনসমাজের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
হিমালয় পরিবারের উদ্যোগে আয়োজিত এই ৩০তম সিন্ধু দর্শন যাত্রা ঘিরে ইতিমধ্যেই ভ্রমণপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের বিশ্বাস, এই কর্মসূচি জাতীয় সংহতি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সম্প্রীতির বার্তা আরও সুদৃঢ় করবে।















