আজকাল ওয়েবডেস্ক: নয়া ব্যাকটেরিয়ার দাপটে তটস্থ কেরল। বাড়ছে উদ্বেগ। তিন সপ্তাহে শতাধিক আক্রান্ত শিগেলা সংক্রমণে। বাড়ছে মৃত্যুমিছিল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, শনিবার নতুন করে কেরলে ১৩ জন শিগেলা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৩ জন। শিগেলায় আক্রান্ত হয়ে কেরলে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই বছরে কেরলে শিগেলায় আক্রান্ত হয়ে মোট ছ'জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই শতাধিক।
কেরলের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নিপা ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে এসে যে ১৫ জনের শরীরেও উপসর্গ দেখা গিয়েছিল, তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এঁরা সকলেই কোঝিকোড়ের বাসিন্দা। নিপা ভাইরাসে আক্রান্ত ওই রোগী বর্তমানে সরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন।
১৩ জন নতুন শিগেলা আক্রান্তের মধ্যে কোঝিকোড়ের চারজন, মালাপ্পুরম ও কান্নুরের তিনজন করে, পালাক্কড়ে দু'জন এবং একজন কোল্লামের বাসিন্দা। জুন মাসে কোঝিকোড়ে ও ওয়ানাড়েই সবচেয়ে বেশি শিগেলা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
শিগেলা ব্যাকটেরিয়া কীভাবে ছড়ায়?
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষার মরশুমে এই ভাইরাসের সংক্রমণ মূলত ছড়ায়। অতি সংক্রামক এই ভাইরাস। এটি একধরনের ব্যাকটেরিয়া। সংক্রমিত খাবার বা জল থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। অন্ত্র বা ইন্টেস্টাইনে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। আক্রান্তদের সংস্পর্শে এলেও শিগেলা ভাইরাস ছড়ায়।
শিগেলা ব্যাকটেরিয়ায় আক্রান্তদের উপসর্গ কী কী?
চিকিৎসকরা জানিয়েছেন, শিগেলা ভাইরাসে আক্রান্তদের প্রাথমিক উপসর্গ ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর, ডিহাইড্রেশন। অনেক সময় মলের সঙ্গে মিউকাস ও রক্তপাত হয়।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, প্রবীণ ও পাঁচ বছরের কম বয়সিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এই ক্ষেত্রেই শিগেলা সংক্রমণের হার সবচেয়ে বেশি। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন।















