আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে শিলচরের কাছে এক তরুণীকে গণধর্ষণ। এই ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাছাড় জেলায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সাত জন যুবক মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। পাশাপাশি ভয় দেখিয়ে তাঁর থেকে ১০ হাজার টাকাও হাতিয়ে নিয়েছে। ১৯ ফেব্রুয়ারির এই ঘটনায় পুলিশ মঙ্গলবার পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে ওই তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে শিলচর বাইপাস রোডের ধারে একটি গাড়িতে বসেছিলেন। অভিযোগ, সেই সময় একটি এসইউভি-তে চড়ে সাত জন যুবক সেখানে পৌঁছয়। প্রথমে পরিচয় জানতে চেয়ে তারা অশ্লীল আচরণ শুরু করে। এর পর ওই তরুণীর বন্ধুকে আটকে রেখে অভিযুক্তেরা একে একে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
নির্যাতিতার দাবি, ধর্ষণের পর অভিযুক্তেরা তাঁকে খুনের হুমকি দেয়। শুধু তাই নয়, ভয় দেখিয়ে অনলাইন ট্র্যান্সফারের মাধ্যমে তাঁদেরই এক জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয় তাঁকে।
এখানেই শেষ নয়৷ জানা গিয়েছে, ঘটনার খবর সংগ্রহ করতে যান এক স্থানীয় সাংবাদিক। তাঁকে অভিযুক্তের আত্মীয়রা বেধড়ক মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এক্ষেত্রে আরও এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিলচর সদর থানায় ইতিমধ্যেই গণধর্ষণ, ডাকাতি ও তোলাবাজির ধারায় মামলা রুজু হয়েছে। তরুণীর ডাক্তারি পরীক্ষা এবং বয়ান রেকর্ড করা হয়েছে। কাছাড়ের পুলিশ সুপারকে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে কোনও রকম গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
