আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের অনুদানের অর্থ চুরির ঘটনায় শেষ পর্যন্ত প্রতিক্রিচয়া দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে এক বিবৃতিতে জানিয়েছেন, "আরএসএস এবং সমগ্র হিন্দু সমাজ স্বাভাবিকভাবেই আশা করে যে, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট এই অত্যন্ত নিন্দনীয় ঘটনাটিকে একটি ব্যতিক্রমী বিষয় হিসেবে দেখবে এবং মন্দিরের প্রশাসন ও ব্যবস্থাপনার সমস্ত ত্রুটি-বিচ্যুতি দূর করতে কার্যকর পদক্ষেপ করবে। অযোধ্যা মন্দিরের প্রতি ভগবান রামের লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস ও ভক্তি যাতে অটুট ও অবিচল থাকে, তা নিশ্চিত করার জন্য এই ধরনের পদক্ষেপ জরুরি। বর্তমান বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান হওয়া প্রয়োজন।"
গত ৭ জুন রাম মন্দিরের অনুদানের অর্থ আত্মসাতের বিষয়টি প্রকাশ্যে আসে। উত্তরপ্রদেশ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ২৫ জুন একটি এফআইআর দায়ের করা হয়। মন্দিরের অনুদান গণনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আটজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক: আরএসএস
আরএসএস জানিয়েছে, "অযোধ্যার শ্রী রামলালা মন্দিরের অনুদান বাক্সে জমা রাখা অর্থ চুরির এই দুর্ভাগ্যজনক ঘটনা সমগ্র সমাজ এবং ভগবান রামের লক্ষ লক্ষ ভক্তের অনুভূতি ও বিশ্বাসে গভীর আঘাত হেনেছে। এই ঘটনায় আমরা সবাই গভীরভাবে ব্যথিত ও মর্মাহত।"
বিবৃতিতে আরও বলা হয়, "শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের বিশেষ অনুরোধে উত্তরপ্রদেশ সরকার একটি এসআইটি গঠন করেছে এবং তাদের সুপারিশের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু করেছে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের আইনের আওতায় আনা এবং আইন অনুযায়ী কঠোরতম শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"
সংস্থাটি আরও বলেছে, "এ বিষয়ে আমরা আশা করি যে, মন্দির কর্তৃপক্ষ এবং সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দল প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আমরা নিশ্চিত যে, সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা, দক্ষ প্রশাসন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা এবং পবিত্রতা ও গভীর ধর্মীয় মূল্যবোধপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট হিন্দু সমাজের বিশ্বাস ও আস্থাকে সুদৃঢ় করে যাবে।"
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমগ্র হিন্দু সমাজের প্রতি আহ্বান, যেন এই কঠিন সময়ে প্রয়োজনীয় ধৈর্য ও সংযম প্রদর্শন করা হয়। তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছে এটা নিশ্চিত করতে যে, হিন্দুধর্ম ও হিন্দু সমাজকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে হিন্দু-বিরোধী ও দেশ-বিরোধী শক্তিগুলো যাতে এই দুর্ভাগ্যজনক ঘটনাকে কাজে লাগাতে না পারে - তা যেন রুখে দেওয়া হয়।
এই বিবৃতিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আরএসএস হল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শগত মূল সংগঠন এবং কয়েক দশক ধরে চলা রাম জন্মভূমি আন্দোলনের প্রধান রূপকার।
কাম মন্দিরে অনুদান চুরি নিয়ে বিতর্ক চরমে। চলছে তদন্তও। এর মাঝেই শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আগামী ৬ জুলাই। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্র ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। ওই বৈঠকে তাই ট্রাস্টের প্রশাসনিক কাঠামো, অভিযোগের তদন্ত এবং পদত্যাগপত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে।















