আজকাল ওয়েবডেস্ক: প্রেম বড় মধুর। আবার কখন যে কী হয়ে যায় এর থেকে কেউ বলতে পারে না। প্রেমের জালে টেনে এনে ধরানো হয় মোটা অংকের বিল। এটাই এখন ব্যবসা। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। 

 

 

জীবনে কেউ নেই, তাই খুলেছিলেন ডেটিং অ্যাপ। সেখান থেকে পরিচয় একটি মেয়ের সঙ্গে। কিছুদিন কথা গড়াতেই দেখা করবেন বলে ঠিক করলেন। সেই মত প্রথমে তারা দেখা করলেন কৌশম্বী মেট্রো স্টেশনে। তারপর সেখান থেকে এলেন এক ক্যাফেতে। মেয়েটিই তাঁকে নিয়ে আসে। বাইরে ছিল না কোনও সাইনবোর্ড, তাঁর প্রথমে একটু সন্দেহ হওয়ায় তিনি হোটেলের লাইভ লোকেশন শেয়ার করেন এক বন্ধুকে। এরপর দুজনে মিলে নেন এক গ্লাস কোল্ড ড্রিংকস। বিপত্তি বাঁধে ক্যাফে থেকে বেরোনোর সময়। বিল চাওয়া হলে ১৬ হাজার ৪০০ টাকার বিল ধরানো হয়। বিল দেখে চক্ষু চড়কগাছ। প্রতিবাদ করায় বলা হয় ৫০ হাজার টাকা দিতে হবে। 

 

 

তাঁর বন্ধু পুলিশে খবর দিয়েছিলেন। সেইমত পুলিশ ধরে একটি ডেটিং গ্যাং কে। চারটি মেয়ে এই গ্যাংয়ের মূল মাথা। বিভিন্ন ডেটিং অ্যাপেই তাদের অ্যাকাউন্ট রয়েছে। এখান থেকে তারা বিভিন্ন ছেলের সঙ্গে আলাপ পরিচয় সারে। কিছুদিন বন্ধুত্বের সম্পর্ক চালানোর পর দেখা করার অছিলায় ওই ক্যাফেতে নিয়ে গিয়ে অতিরিক্ত টাকা চায়। 

 

এদের সঙ্গে আছে আরও একটি ছেলে এবং মেয়ে। পুরো গ্যাংটিকে দিল্লি পুলিশ ধরেছে। দায়ের হয়েছে প্রতারণার মামলা।