আজকাল ওয়েবডেস্ক: ফের দুর্ঘটনা আকাশপথে। মাঝ আকাশে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, দুর্ঘটনার সময় ওই এয়ার অ্যাম্বুলেন্সে সাতজন আরোহী ছিলেন। একজনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে ইতিমধ্যে, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত একাধিক। 

 

তথ্য, ওই এয়ার অ্যাম্বুলেন্স উড়ে যাচ্ছিল ঝাড়খণ্ড থেকে দিল্লির উদ্দেশে। রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত একটি বিচক্রাফ্ট সি৯০ ওই এয়ার অ্যাম্বুলেন্স উড়ান শুরু করে সোমবার সন্ধে সাতটা এগারো মিনিট নাগাদ। প্রথম কয়েকমিনিট সব ঠিক থাকলেও, সন্ধে ৭:৩৪ মিনিটে কলকাতার সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

 

রাঁচি থেকে উড়ান শুরু করা ওই এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে ঝাড়খণ্ডের ছত্রা জেলায়। তথ্য, ওই এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট-ইন-কমান্ড ছিলেন ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত এবং সহ-পাইলট হিসেবে ক্যাপ্টেন সভরাজদীপ সিং। যাত্রীদের তালিকায় ছিলেন- সঞ্জয় কুমার, তিনিই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। ছিলেন অর্চনা দেবী (অ্যাটেনডেন্ট), ধুরু কুমার (অ্যাটেনডেন্ট), ডাঃ বিকাশ কুমার গুপ্ত (চিকিৎসক) এবং শচীন কুমার মিশ্র (প্যারামেডিক)।