আজকাল ওয়েবডেস্ক: শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরামের 'আল্লুরি সিতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দর' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করে এই বিমানবন্দর গড়ে উঠেছে। উত্তর অন্ধ্রকেই একটি বড় অর্থনৈতিক ও শিল্প কেন্দ্রে রূপান্তরিত করার ক্ষেত্রে এই বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমনই মনে করছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী এ দিন এর পাশাপাশি ১৭ হাজার ৯০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং উদ্বোধনও করেন। এমনই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

 

প্রধানমন্ত্রী মোদি অন্ধ্রপ্রদেশে পৌঁছনোর পর তাঁকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়। প্রায় ১৩,৫০০ আদিবাসী মহিলা ঐতিহ্যবাহী 'ধিমসা' নৃত্য পরিবেশন করে তাঁকে স্বাগত জানান। বিমানবন্দরের ভিতরে অন্ধ্রপ্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এতিকোপ্পাকা শিল্পকর্ম প্রদর্শন করা হয়। পাশাপাশি, রাজ্যের ভৌগোলিক পরিচিতি বহনকারী একাধিক মোটিফও সেখানে তুলে ধরা হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু।

জিএমআর গ্রুপ নামক একটি বেসরকারি সংস্থা দ্বারা নির্মিত এই বিমানবন্দর। যার নামকরণ করা হয়েছে দেশটির প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সিতারামা রাজুর নামানুসারে। পরিরল্পনা অনুযায়ী, প্রথমে এই বিমানবন্দর থেকে বছরে ৬০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। তবে পরবর্তীকালে ধারণক্ষমতা বাড়িয়ে প্রতি বছর চার কোটি যাত্রী পরিবহণের সুবিধা পাবেন বলে পরিকল্পনা রয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে এই বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হবে।

অন্ধ্রপ্রদেশ সরকারের মতে, এই বিমানবন্দরটি উত্তর অন্ধ্রজুড়ে শিল্পায়ন, কর্মসংস্থান, রপ্তানি বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। বিমানবন্দর উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদিকে ঐতিহ্যবাহী শাল দিয়ে সংবর্ধনা জানান। এরপর মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে বিমানবন্দরের একাধিক বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তাঁদের বক্তৃতায় উল্লেখ করেন। বিমানবন্দর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ১৭,৯০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পেরও সূচনা করেন।