আজকাল ওয়েবডেস্ক: শান্তিচুক্তির মাঝেই ফের শুরু হয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ। নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। ইরানে মার্কিন বাহিনীর টানা দু'দিন ধরে বিমান হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বুধবার তেলের দাম এক ধাক্কায় পাঁচ শতাংশ বেড়েছে। এর ফলে বৃহস্পতিবারও আরও ১.৪ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। তেলের দাম প্রতি ব্যারেল ৭৯ ডলার ছাড়িয়ে গিয়েছে।
উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি এখন অতীত। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বন্দরগুলির উপর ফের একবার নিষেধাজ্ঞা বা অবরোধ জারি করা হতে পারে। ফলে আবার তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা রয়েছে। সমাজমাধ্যমের এক পোস্টে ট্রাম্প মার্কিন হামলাকে 'প্রতিশোধ' হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন, "ইরান যদি আবার জাহাজে হামলা চালায়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে!" তাঁর হুঁশিয়ারিতে ট্রাম্প ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র 'খার্গ দ্বীপ' দখলের কথাও ফের উল্লেখ করেছেন।
এই প্রেক্ষিতে জ্বালানি সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও ভারতে আজও অপরিবর্তিত জ্বালানির দাম। পেট্রল ও ডিজেলের দামে বড় কোনও প্রভাব পড়েনি বলেই খবর। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আজ দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে।
আজ চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ১০৭.৭৭ টাকা ও ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ১১৩.৫১ টাকা ও ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ১১১.২১ টাকা ও ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। গুরুগ্রামে প্রতি লিটার পেট্রলের দাম ১০২.৯৭ টাকা ও ডিজেলের দাম ৯৫.৬৪ টাকা। নয়ডায় প্রতি লিটার পেট্রলের দাম ১০১.৯৬টাকা ও ডিজেলের দাম ৯৫.৪৪ টাকা। বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রলের দাম ১১১.৬৮ টাকা ও ডিজেলের দাম ৯৯.৫৬ টাকা। ভুবনেশ্বরে প্রতি লিটার পেট্রলের দাম ১০৮.৯৭ টাকা ও ডিজেলের দাম ১০০.৬৮ টাকা।















