আজকাল ওয়েবডেস্ক: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কড়া নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে তাদের সমস্ত ধরনের কার্যক্রম বন্ধ করে দিতে হবে।

আরবিআই এও স্পষ্ট জানিয়েছে, ব্যাঙ্কটির কাছে বর্তমানে পর্যাপ্ত অর্থ রয়েছে যাতে লিকুইডেশন বা বন্ধ করার আগে আমানতকারীদের পাওনা পুরোপুরি মিটিয়ে নেওয়া যায়।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করছিল আরবিআই। সেই পদক্ষেপেরই শেষ ধাপ ছিল এটা। এর আগে সংস্থাটিকে নতুন গ্রাহক নেওয়া এবং আমানত গ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে কড়াকড়ি শুরু হয়। পরবর্তীতে ২০২৪ সালে শাসনব্যবস্থা, নিয়ম মেনে চলা এবং পরিচালনাগত ত্রুটি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশের পর সেই কড়াকড়ি আরও বাড়ানো হয়।

লাইসেন্স বাতিলের কারণ হিসেবে আরবিআই জানিয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সাম্প্রতিক কার্যকলাপ আমানতকারী ও জনস্বার্থের পরিপন্থী ছিল।

পাশাপাশি, সংস্থার পরিচালন পর্ষদের একাধিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যা জনস্বার্থ ও আমানতকারীদের স্বার্থের পক্ষে ক্ষতিকর ছিল বলেও উল্লেখ করা হয়েছে।

আরবিআইয়ের মতে, এই পরিস্থিতিতে ব্যাঙ্কটিকে চালিয়ে যাওয়ার কোনও যুক্তি দেখছে না তারা। এমনকী, পেমেন্টস ব্যাংকের লাইসেন্সের শর্তাবলী মানতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।