আজকাল ওয়েবডেস্ক: হাজার টাকার টিকিট কেটেও বন্দে ভারত এক্সপ্রেসে দুর্বিষহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন যাত্রীরা। একাধিক যাত্রীকে পরিবেশন করা হয়েছে পুরনো খাবার। ঘটনাটি সাম্প্রতিককালে ঘটেনি। তবে ভিডিওটি আবারও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক মাস পুরনো ওই ভিডিওটি আবারও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে কয়েকজন যাত্রী অভিযোগ জানান, বন্দে ভারত এক্সপ্রেসে ডেট ফুরিয়ে যাওয়া, পুরনো টমেটো সসের প্যাকেট দেওয়া হয়েছে। ভারতীয় রেলে নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তাঁরা।
বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যেই পুরনো খাবার সহ যাত্রীদের মধ্যে বিক্ষোভের মুহূর্তটি ক্যামেরাবন্দি করা হয়েছিল। ট্রেনের কর্মীদের সঙ্গে যাত্রীদের তর্কাতর্কি করতেও দেখা গেছে। এক যাত্রী চিৎকার করে বলেন, 'এত পুরনো খাবার আপনারা নিজেদের স্টকে কীভাবে রাখেন? কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এমনকী মৃত্যু হলে দায় কী আপনারা নেবেন?'
ওই যাত্রী আরও বলেন, 'শুধুমাত্র আমি না, এখানকার সকলেই পুরনো খাবার পেয়েছেন। সসের প্যাকেট দু'বছরের পুরনো ছিল। শিশুরা খেলেও তো অসুস্থ হয়ে পড়বে।'
২২ ফেব্রুয়ারি সেই পু্ররনো ভিডিওটি এক্স হ্যান্ডেলে আবারও শেয়ার করা হয়েছিল। ভিডিওটি ফের ঝড়ের গতিতে ভাইরাল হতেই ভারতীয় রেলের তরফে মন্তব্য করা হয়েছে। তারা জানিয়েছে, ঘটনাটি গতবছর ঘটেছিল। ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। খাদ্য সুরক্ষার বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে।
গত বছর মার্চ মাসেও ভারতীয় রেলে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন এক যাত্রী। এসি কামরায় নিশ্চিন্তে যাত্রা করবেন বলে আশা করেছিলেন যুবক। কিন্তু বাস্তবে উল্টোটাই ঘটল। সারারাত না ঘুমিয়েই কাটাতে হল তাঁকে। এমনকী শান্তিতে নিজের সিটেও বসতে পারছিলেন না। কারণ? এসি কামরার মধ্যে একাধিক ইঁদুরের উপদ্রব। যা ঘুম কেড়ে নিয়েছিল বাকি যাত্রীদেরও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সাউথ বিহার এক্সপ্রেসে। যুবক জানিয়েছেন, দু'হাজার টাকার টিকিট কেটে তিনি এসি টু টায়ারে উঠেছিলেন। প্রথমে কোনও অসুবিধা হয়নি। ট্রেনটি ছাড়ার পরেই একাধিক ইঁদুর তাঁর চোখে পড়ে।
এক্স হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করে যুবক জানিয়েছেন, সিটের নীচে, এমনকী কয়েকটি সিটের ফাঁকেও ইঁদুর ঘোরাঘুরি করছিল। ব্যাগের উপরেও উঠে পড়ছিল। একটি, দু'টি নয়, একাধিক ইঁদুর ট্রেনের এসি কামরায় ঘুরছিল। বিষয়টি নজরে পড়তেই ট্রেনের কর্মীদের খবর দেওয়া হয়। তাঁরা এসে আরশোলা মারার স্প্রে ছড়িয়ে দেন সর্বত্র।
একদিকে ইঁদুরের উপদ্রব, অন্যদিকে আরশোলা মারার স্প্রের গন্ধ। দুই মিলিয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন সকলে। যদিও এই ঘটনাটি ঘিরে ভারতীয় রেলের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হতেই নেটিজেনরা লিখেছেন, এসি কামরা হোক জেনারেল, ভারতীয় রেলে সমস্যা সর্বত্র। দুর্বিষহ অভিজ্ঞতা নিয়েই চলাচল করতে হয় বহু মানুষকে।
