আজকাল ওয়েবডেস্ক: দিন কাটত রাজপথের রাস্তায়। মধ্যরাতে দিল্লির রাস্তায় বছর ৩৪ এর এক মহিলাকে অচৈতন্য অবস্থায় দেখেন পথচারী। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে তিনটা নাগাদ খবর যায় তাদের কাছে।মহিলাকে এই মুহূর্তে এইমস-এ ভর্তি করা হয়েছে। 

 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে শারীরিক নির্যাতনের করা হয় শহরের অন্য কোনও জায়গায়। পরে রাজধানীর সরাই কালে খান এলাকায়  ফেলে রেখে যায়। জানা গিয়েছে, ওই মহিলা ওড়িশার বাসিন্দা। বছরখানেক আগে তিনি ঘর ছাড়েন, এবং দিল্লিতে থাকতে শুরু করেন। প্রথমে যেখানে থাকতেন, কোনও এক কারণে তাঁকে সেই ঘর ছাড়তে হয়। তারপর থেকেই তিনি দিল্লিতে রাস্তায় বসবাস করতেন। তিনি স্নাতক বলেও জানতে পেরেছে পুলিশ। 

 

একই সঙ্গে পুলিশ জানিয়েছে, নির্যাতিতা বারবার তাঁর বয়ান বদল করছেন, এবং তদন্তে পুলিশকে সহযোগিতা করছেন না। এই মুহূর্তে তিনি হাসপাতালে, চিকিৎসাধীন।