আজকাল ওয়েবডেস্ক: সমস্ত সরকারি ভবনে করতে হবে কমলা আর লাল রং। এমনই ফরমান জারি করেছে বিজেপি সরকার। ঘটনাটি ঘটেছে ওড়িশায়। 

 

 

ভবনের বাইরের দেওয়ালগুলো করা হবে কমলা রং। আর বর্ডার দেওয়া হবে লাল রং দিয়ে। সে রাজ্যের পূর্ত দফতরের বিশেষ সচিব লক্ষ্মীকান্ত পাধি সোমবার এই বিষয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক, ওডিশা ব্রিজ অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (ওবিঅ্যান্ডসিসি) এর এমডি এবং বিভাগের অধীনে সমস্ত প্রধানকে একটি চিঠি লিখেছেন। তাতেই উল্লেখ করেছেন, এখন থেকে সমস্ত পুরোনো এবং নতুন ভবনে মেরামত করা হবে, রং করা হবে। সেই রং হবে কমলা আর লাল রং দিয়ে। 

 

 

এ দিন ওড়িশা রাজ্যের পূর্তমন্ত্রী পৃথিবীরাজ হরিচন্দন সাংবাদিকদের বলেছেন, বিভিন্ন বিভাগের সাথে আলোচনা করার পর সরকারি ভবনগুলির জন্য একটি অভিন্ন রঙ চূড়ান্ত করা হয়েছে। এখন বর্ষার মৌসুম। বৃষ্টি শেষ হলে শুরু হবে রাজ্যের সমস্ত সরকারি ভবন রঙের কাজ। আগে সরকারি ভবনের নির্দিষ্ট কোনও রং ছিল না। 

 

 

এই কথা প্রচার পেতেই বিরোধীদের কটাক্ষ, এতে বিপুল অর্থক্ষয় হবে। এসব ছাড়া রাজ্যে বরং উন্নয়নে নজর দিক বিজেপি।