আজকাল ওয়েবডেস্ক: দিল্লি মেট্রোর পর এবার বেঙ্গালুরু মেট্রো। গণপরিবহনে তরুণ-তরুণীদের ঘনিষ্ঠ হওয়ার ঘটনা প্রায়শই শিরোনামে আসে। তবে তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুর 'নম্মো মেট্রো' (Namma Metro) স্টেশনে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের ঝড় তুলেছে। ট্রেনের জন্য অপেক্ষা করার সময় এক তরুণ যুগলের আপত্তিকর আচরণের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মাদাভারা মেট্রো স্টেশনে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে অন্যান্য যাত্রী, বিশেষ করে বয়স্ক নাগরিকদের উপস্থিতির তোয়াক্কা না করেই ওই তরুণ-তরুণী প্রকাশ্যেই অত্যন্ত অশালীন আচরণে লিপ্ত হয়েছেন। চারপাশের ভিড় বা জনসমক্ষে ন্যূনতম শালীনতার বোধটুকুও তাঁদের মধ্যে দেখা যায়নি। এই ভিডিওটি সামনে আসতেই মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, মেট্রোর মতো জনাকীর্ণ গণপরিবহন যাতে পরিবার, শিশু এবং মহিলাদের জন্য সুরক্ষিত ও সম্মানজনক থাকে, তা নিশ্চিত করা জরুরি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (X)-এ এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "বেঙ্গালুরু কি এবার দিল্লি মেট্রোর সংস্কৃতির দিকে ঝুঁকছে? নম্মো মেট্রো স্টেশনের এই দৃশ্য শহরের শালীনতা নিয়ে বড় প্রশ্ন তুলছে।" পোস্টে আরও বলা হয় যে, প্রকাশ্য স্থানকে নিজেদের ব্যক্তিগত ঘরের মতো ব্যবহার করা অত্যন্ত লজ্জাজনক এবং এটি সাধারণ মানুষের প্রতি অসম্মান প্রদর্শন।
ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়া স্পষ্ট দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল নেটিজেন এই আচরণের তীব্র নিন্দা করে মেট্রো চত্বরে নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন। অন্যদিকে, দ্বিতীয় দলটির আপত্তি ভিডিওটি আপলোড করার পদ্ধতি নিয়ে। তাঁদের বক্তব্য, যুগলের আচরণ অন্যায় হলেও, তাঁদের মুখ না লুকিয়ে (blur) এভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করা আসলে এক ধরণের 'পাবলিক শেমিং' বা সস্তার প্রচার পাওয়ার চেষ্টা। অপরাধের জন্য পুলিশ বা কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল, এভাবে ইন্টারনেটে পরিচয় প্রকাশ করে দেওয়া উচিত হয়নি। এই ঘটনার পর বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।















