আজকাল ওয়েবডেস্ক: কোন এলাকায় কোথায় রয়েছে আধার কেন্দ্র। তার সন্ধান পাওয়া এবার খুবই সহজ। ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ (UIDAI) মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে এবার গুগল ম্যাপে অনুমোদিত আধার কেন্দ্রগুলির ঠিকানা মিলবে। কেন্দ্রীয় সরকারের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য- দেশজুড়ে বাসিন্দাদের জন্য আধার কেন্দ্রের অ্যাক্সেস এবং সুবিধা বৃদ্ধি করা।
মার্চ মাসেই এই নয়া ব্যবস্থার সূচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে দেশবাসীর আধারে প্রাপ্তবয়স্ক ও শিশুদের তালিকাভুক্তি, অথবা শুধুমাত্র ঠিকানা এবং মোবাইল আপডেটের মতো পরিষেবার প্রকৃতি অনুসারে আধার কেন্দ্রগুলি সনাক্ত করতে পারবে। এছাড়াও, আধার কেন্দ্র সম্পর্কিত তথ্য, যার মধ্যে বিশেষভাবে সক্ষমদের জন্য পরিকাঠামো এবং পার্কিং সুবিধার প্রাপ্যতা, কাজের সময় ইত্যাদি বিষয়গুলিও প্রদর্শিত হবে।
ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের মতে, এই সহযোগিতা জনসাধারণের সুবিধা বাড়াবে, ভুল তথ্য সংশোধনে সহায়তা করবে এবং দেশব্যাপী অত্যাধুনিক আধার সেবা কেন্দ্র-সহ ৬০ হাজারেরও বেশি আধার কেন্দ্রে বাসিন্দাদের নির্বিঘ্নে অ্যাক্সেস নিশ্চিত করবে। এতে আরও বলা হয়েছে, এর ফলে ব্যবহারকারীরা যখন গুগল ম্যাপে আদার কেন্দ্র অনুসন্ধান করবেন, তখন তাদের যাচাইকৃত আধার কেন্দ্রগুলি দেখানো হবে।
ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষের (UIDAI) সিইও ভুবনেশ কুমার বলেছেন, "ইউআইডিএআই সর্বদা আধার-ধারীদের জীবনযাত্রা উন্নত করার দিকে মনোনিবেশ করে। এই সহযোগিতা নিশ্চিত করবে যে, অনুমোদিত আধার কেন্দ্রগুলি খুঁজে পাওয়া এখন সহজ, দ্রুত এবং আরও স্বচ্ছ হবে।"
ইউআইডিএআই এবং গুগলের মধ্যে সহযোগিতার পরবর্তী পর্যায়ে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রের তথ্য পরিচালনা এবং জনগণের সরাসরি প্রতিক্রিয়া জানাতে গুগল বিজনেস প্রোফাইল ব্যবহার করবে। এটা একটা স্বচ্ছ এবং প্রতিক্রিয়াশীল পরিষেবা নিশ্চিত করবে বলে মন্ত্রক জানিয়েছে। এই অংশীদারিত্বের ফলে, আধার কেন্দ্রে যাওয়ার পরিকল্পনাকারী বাসিন্দারা আরও দক্ষতা এবং সুবিধার জন্য গুগল ম্যাপ ইন্টারফেসের মাধ্যমে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুকিংও করতে পারবেন।
গুগল ইন্ডিয়ার তরফে রোলি আগরওয়াল বলেছেন, যাচাইকৃত আধার কেন্দ্রগুলিকে সংহত করার জন্য ইউআইডিএআই-এর সঙ্গে হাত মিলিয়ে, আমরা লক্ষ লক্ষ বাসিন্দার জন্য আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বস্ত পরিষেবা খুঁজে পাওয়া সহজ করছি, প্রয়োজনীয় সরকারি পরিকাঠামো এবং সবচেয়ে বেশি প্রয়োজন এমন লোকেদের মধ্যে ব্যবধান পূরণ করছি।"
