আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশি পর্যটকদের হোটেল পরিষেবায় সাফ 'না' ত্রিপুরার হোটেল মালিকদের। এবার ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের হোটেলে ঠাঁই মিলবে না। রেস্তোরাঁতেও বাংলাদেশি পর্যটকদের খাবার পরিবেশন করা হবে না। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ঘিরে কড়া পদক্ষেপ করলেন ত্রিপুরার হোটেল মালিকরা।
অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে একটি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, রাজ্যে আগত বাংলাদেশিদের জন্য বন্ধ করা হল হোটেল পরিষেবা। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে, হিন্দুদের উপর প্রতিদিন করা আক্রমণ হচ্ছে, তার জন্য এই পদক্ষেপ। ভারত সরকার আপাতত ভিসা বন্ধের সিদ্ধান্ত নিলেও, দু'-একজন বাংলাদেশি যদি এদেশে এসে পড়েন সেটা কাজ হোক অথবা চিকিৎসার কারণে, তাহলে তাঁরা কোনওরকম হোটেল পরিষেবা পাবেন না। এমনই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
এর আগে ত্রিপুরার একটি বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা সেই হাসপাতালে দেওয়া হবে না। সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশি মিশনে গিয়ে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, এবং ভারতীয় পতাকার অপমানের বিরুদ্ধে বিরাট মিছিল বের করেছিলেন সেখানকার বাসিন্দারা। বাংলাদেশি মিশনের মধ্যে অন্তত ৫০জন প্রতিবাদকারী ঢুকে পড়েন। যার সমালোচনা করেছে কেন্দ্রও।
















