দীক্ষা ভুঁইয়া: বিদেশি অনুদান সংক্রান্ত নিয়ম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন সংশোধনের প্রস্তাব এনেছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো -র প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদেশি অনুদান গ্রহণে কোনও বাধা নয়, বরং সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই এই সংশোধনের উদ্দেশ্য।

কেন্দ্র জানিয়েছে, বিদেশি অনুদান গ্রহণকারী সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে এফসিআরএ-র অধীনে নিবন্ধন করতে হবে। নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করতে হবে এবং প্রতি বছর অনুদানের উৎস ও ব্যয়ের নিরীক্ষিত হিসাব জমা দিতে হবে।

নতুন সংশোধনীতে বলা হয়েছে, সংস্থাগুলিকে আগে থেকেই জানাতে হবে তারা কোন ধরনের কাজ করবে এবং কোন রাজ্যে কাজ করবে। নিবন্ধন নবীকরণের জন্য গত দুই বছরে অন্তত ১০ লক্ষ টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয়ের প্রমাণও দিতে হবে। এছাড়া প্রকল্পভিত্তিক ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হচ্ছে।

কেন্দ্রের দাবি, এই পরিবর্তনের ফলে বিদেশি অনুদানের অপব্যবহার রোখা সহজ হবে, পাশাপাশি প্রকৃত সমাজসেবামূলক সংস্থাগুলির কাজ আরও স্বচ্ছভাবে পরিচালিত হবে। সরকার আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা-সহ একাধিক দেশেও বিদেশি অর্থায়নের ক্ষেত্রে একই ধরনের নিয়ন্ত্রক ব্যবস্থা রয়েছে।

বর্তমানে বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ সংসদের বিবেচনাধীন রয়েছে।